আইসিসির ভবিষ্যৎ সূচি অনুযায়ী জানুয়ারিতে পাকিস্তান সফরের কথা রয়েছে বাংলাদেশের। যদিও নিরাপত্তা ইস্যুতে এই সফর নিয়ে সতর্ক অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখনো পাকিস্তান সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি বিসিবি থেকে।
তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জোর তৎপরতাই চালাচ্ছে। এমনকি এই সিরিজের একটি টেস্ট দিবারাত্রির আয়োজনের জন্য বিসিবিকে প্রস্তাব দিয়েছে পিসিবি।
ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো পিসিবির পক্ষ থেকে বাংলাদেশকে দিবারাত্রির টেস্ট খেলার প্রস্তাবের খবর প্রকাশ করেছে। পিসিবি সভাপতি এহসান মনিকে উদ্ধৃতি করেই এই খবর দিয়েছে ক্রিকইনফো।
পাকিস্তান সফরে ২টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি খেলার কথা বাংলাদেশের। পিসিবি চায় দুই দলের মধ্যে দিবারাত্রির টেস্ট ম্যাচটি করাচিতে আয়োজন করতে।
নভেম্বরে ভারত সফরে কলকাতার ইডেন গার্ডেন্সে নিজেদের প্রথম দিবারাত্রির টেস্ট খেলে বাংলাদেশ। উপমহাদেশের ইতিহাসেই যেটি ছিল প্রথম দিবারাত্রির টেস্ট বা গোলাপি বলের টেস্ট।
পাকিস্তান এরই মধ্যে দেশের বাইরে ৪টি দিবারাত্রির টেস্ট ম্যাচ খেলেছে। সামনে সপ্তাহেই নিজেদের মাঠে দিবারাত্রির টেস্ট খেলবে তারা শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর বাংলাদেশের বিপক্ষেও দিবারাত্রির টেস্ট খেলার লক্ষ্য তাদের।
