জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আপ্লুত তারকারা

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ১১:৪৮ পিএম

অবশেষে অপেক্ষার অবসান ঘটল। গতকাল বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এক জমকালো অনুষ্ঠানে ২০১৭ ও ১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোট ২৮টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়েছে এবার।

২০১৭ সালের পুরস্কারজয়ীরা

আজীবন সম্মাননা পেয়েছেন দেশবরেণ্য অভিনয়শিল্পী এটিএম শামসুজ্জামান ও সুজাতা আজিম। শারীরিক অসুস্থতা এখনো পুরোপুরো কাটেনি। তবু চলচ্চিত্রের প্রতি তীব্র ভালোবাসার জন্য মঞ্চে এসে পুরস্কার গ্রহণ করেন এটিএম।

সেরা চলচ্চিত্র দীপংকর দীপন পরিচালিত ‘ঢাকা অ্যাটাক’। ‘গহীন বালুচর’ সিনেমার জন্য সেরা পরিচালক হয়েছেন বদরুল আনাম সৌদ। সেরা অভিনেতার পুরস্কার নিয়েছেন যৌথভাবে শাকিব খান ও আরিফিন শুভ। ‘সত্তা’ চলচ্চিত্রের জন্য শাকিব খান ও ‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্রের জন্য আরিফিন শুভকে নির্বাচিত করা হয়েছে। সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন নুসরাত ইমরোজ তিশা। তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য তিনি এই সম্মাননা অর্জন করেন। এবারের পুরস্কারপ্রাপ্তির মাধ্যমে শাকিব খান তৃতীয়বারের মতো সেরা নায়ক হিসেবে নির্বাচিত হলেন। এর আগে ভালোবাসলে ঘর বাঁধা যায় না, খোদার পরে মা এবং আরও ভালোবাসবো তোমায় সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। অন্যদিকে আরিফিন শুভ প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন। তিশাও এর আগে অিস্তত্ব সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। হালদার মাধ্যমে তিনি দ্বিতীয়বার পুরস্কার পেলেন। ‘হালদা’ সিনেমার জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। তিনিও এই পুরস্কার প্রথমবারের মতো পেলেন। তার সঙ্গে এ পুরস্কার যৌথভাবে পেয়েছেন কিংবদিন্ত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। ‘গহীন বালুচর’ সিনেমার জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। ‘সত্তা’ সিনেমার ‘না জানি কোন অপরাধে’ গানটির জন্য সেরা গায়িকার পুরস্কার পেয়েছেন মমতাজ। একই সিনেমা’র ‘তোর প্রেমেতে অন্ধ’ গানটির সেরা গায়ক হয়েছেন জেমস। এই গানের জন্য সেরা সুরকার হিসেবে পুরস্কার পেয়েছেন বাপ্পা মজুমদার।

২০১৮ সালের পুরস্কারজয়ীরা

২০১৮ সালেও আজীবন সম্মাননা পেয়েছেন যৌথভাবে দেশবরেণ্য দুই চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র ও আলমগীর। সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে সাইফুল ইসলাম মান্নু পরিচালিত ‘পুত্র’ সিনেমাটি। সেরা পরিচালকের পুরস্কার পেয়েছে ‘জান্নাত’ সিনেমার পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। একই সিনেমার জন্য সেরা কাহিনীকার হয়েছেন সুদীপ্ত সাঈদ খান। এ সিনেমায় উঠে আসে জঙ্গিবাদের সঙ্গে জড়িত হয়ে কীভাবে একজন দরিদ্র মেধাবী তরুণের জীবন নষ্ট হয়ে যায়। সিনেমাটি মুক্তির পর বেশ আলোচনায় আসে। সেরা অভিনেতা হয়েছেন যৌথভাবে ফেরদৌস (পুত্র) ও সাইমন সাদিক (জান্নাত)। সাইমন এই প্রথম জাতীয় পুরস্কার পেলেন। তবে ফেরদৌস তার প্রজন্মের মধ্যে সবচেয়ে বেশিবার (৫বার) এ পুরস্কার অর্জন করেছেন। ‘দেবী’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন জনপ্রিয় তারকা জয়া আহসান। এর আগে তিনি ‘গেরিলা’, ‘চোরাবালি’ ও ‘জিরো ডিগ্রি’ সিনেমায় এ পুরস্কার পেয়েছেন। এবার চতুর্থবারের মতো জাতীয় পুরস্কার পেলেন। সেরা সিনেমা হয়েছে ‘পুত্র’ আর সেরা প্রামাণ্যচিত্র নায়করাজ রাজ্জাককে নিয়ে নির্মিত ‘রাজাধিরাজ নায়করাজ’। সেরা পার্শ্ব চরিত্রে পুরস্কার পেয়েছেন আলীরাজ (জান্নাত) ও সুচরিতা (মেঘকন্যা)। প্রথমবার চলচ্চিত্রের গানে সুর করে সেরা সুরকারের পুরস্কার পেয়েছেন উপমহাদেশের কিংবদিন্ত শিল্পী রুনা লায়লা। তার সেই গান ‘গল্প কথার ওই কল্পলোকে’তে কণ্ঠ দিয়ে প্রথমবার সেরা গায়িকার পুরস্কার পেলেন জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। তিনি এই পুরস্কার ভাগাভাগি করে নিলেন নন্দিত গায়িকা সাবিনা ইয়াসমীনের সঙ্গে। ‘পুত্র’ সিনেমার ‘ভুলে মান অভিমান’ গানটির জন্য এ পুরস্কার পেয়েছেন সাবিনা। সেরা সংগীত পরিচালক হয়েছেন ইমন সাহা (জান্নাত)।

এছাড়া পুরস্কার দেওয়া হয় সেরা চিত্রগ্রাহক, সংলাপ রচয়িতা, আবহ সংগীত, শিশুশিল্পী, কোরিওগ্রাফার, মেকাপ আর্টিস্ট, কস্টিউম ডিজাইন ও সেট ডিজাইন বিভাগে।

এদিকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের এই আয়োজনটিকে ঘিরে গেল কয়েকদিন ধরেই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ছিল তারকাদের আনাগোনা। কারণ, পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন জনপ্রিয় তারকাশিল্পীরা। এ অনুষ্ঠান উপস্থাপনা করেন চলচ্চিত্রের জনপ্রিয় দুই মুখ ও জনপ্রিয় উপস্থাপক জুটি ফেরদৌস ও পূর্ণিমা। নাচের তালে মঞ্চ মাতান ঢালিউড কুইন অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, তমা মির্জা, জুটি বেঁধে জায়েদ খান ও মাহিয়া মাহি, ইমন ও নিপুণ, জয় চৌধুরী ও আঁচল। গান পরিবেশন করবেন খুরশিদ আলম, নকীব খান, সামিনা চৌধুরী, কণা ও ইমরান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত