ভারতের দিল্লি শহরের কেন্দ্রস্থলে একটি ব্যাগ তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। শহরের রানী ঝাঁসি সড়কের আনাজ মান্দি এলাকার কারখানাটিতে গতকাল রবিবার স্থানীয় সময় ভোর ৫টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস বিভাগ।
নিহতদের অধিকাংশই কারখানার শ্রমিক। অগ্নিকাণ্ডের সময় কারখানার শ্রমিকরা ঘুমাচ্ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা। অগ্নিকাণ্ডস্থল থেকে ৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভেতরে আটকাপড়া অনেককে উদ্ধার করে আরএমএল ও হিন্দু রাও হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন।
দিল্লি ফায়ার সার্ভিসের উপপ্রধান সুনীল চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘৬০০ বর্গফুটের ওই কারখানায় ভোরে আগুন লাগে। এর ভেতরটা অন্ধকার। এখানে স্কুলব্যাগ, বোতল তৈরি করে রাখা হতো।’ ফায়ার সার্ভিসের চিফ ফায়ার অফিসার অতুল গর্গ বলেছেন, ‘আমরা ৫০ জনকে উদ্ধার করেছি, তাদের বেশিরভাগের ধোঁয়ায় দমবন্ধ অবস্থা হয়েছিল।’
আগুন লাগার কারণ জানা যায়নি বলে কর্মকর্তারা জানিয়েছেন। ঘটনাস্থলে ৩০টি ফায়ার ট্রাক গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানার ওয়ার্কশপ থেকে আগুনের সূত্রপাত হয় বলে সন্দেহ করা হচ্ছে। আনাজ মান্দি এলাকার সরু ও ঘনবসতিপূর্ণ গলিটিতে আরও অনেক ছোট ছোট কারখানা ও গুদাম রয়েছে।
ঘটনাটিকে ‘ভয়ংকর’ বলে বর্ণনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং নিহতদের পরিবারের জন্য প্রার্থনা করেছেন।
