খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারা দেশে বিক্ষোভ

সিরাজগঞ্জে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ৩৫

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ০৩:৫৭ এএম

দলের কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে গতকাল রবিবার রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। এর মধ্যে সিরাজগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টার দিকে শহরের ইবি রোডে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গতকাল সন্ধ্যায় এলাকায় উভয়পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। এদিকে হামলার প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি।

দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল অভিযোগ করে বলেন, ‘ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিএনপির মিছিলে বাধা দেওয়া হয়েছে। মিছিল থেকে দলের নেতাকর্মীদের আটক করেছে পুলিশ। সিরাজগঞ্জে বিএনপির মিছিলে পুলিশ গুলি করেছে। এতে আট নেতাকর্মী গুলিতে আহত হয়েছে।

রিজভী অভিযোগ করে বলেন, রাজধানীর কোতোয়ালি থানা বিএনপির মিছিলে বাধা দেওয়ার পাশাপাশি মো. লিমন নামে একজনকে আটক করেছে পুলিশ। চকবাজার থানার বিএনপি নেতা আতিক, মঈন, হৃদয়সহ পাঁচজন, শাহবাগ থানা বিএনপির নেতা মো. রফিককে আটক করেছে পুলিশ।

গত শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের এক যৌথসভা শেষে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে গত বৃহস্পতিবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ কর্মসূচি চ‚ড়ান্ত করেন স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠকে লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে যুক্ত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিভিন্ন স্থান থেকে নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :

সিরাজগঞ্জে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ৩৫ : সিরাজগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে গতকাল সিরাজগঞ্জ ভাসানী মিলনায়তন চত্বরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। একই সময় সিরাজগঞ্জ সরকারি কলেজের আয়োজনে শহরে একটি বিজয় দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেন। শোভাযাত্রা কলেজ চত্বর থেকে শুরু হয়ে ইবি রোড অতিক্রম করার সময় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজউদ্দিন জানান, এদিন বেলা ১১টায় সিরাজগঞ্জ সরকারি কলেজ বিজয় দিবস উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্নাসহ জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দলীয় নেতাকর্মীরা। শোভাযাত্রা ইবি রোডে পৌঁছলে বিএনপির নেতাকর্মীরা হঠাৎ হামলা চালায়। এতে ছাত্রলীগ নেতাসহ দলের অন্তত ২০ জন আহত হন। তাদের সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা মোস্তফা জামান বলেন, সমাবেশ চলাকালে বিজয় র‌্যালি থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের ওপর অতর্কিতে হামলা চালায়। এতে জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদসহ যুবদল ও ছাত্রদলের ১৫ জন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে সদর থানার ওসি আবু দাউদ জানান, পরিস্থিতি এখন শান্ত। এ ঘটনায় এখনো কেউ মামলা করেনি। করলে ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ : রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন ভাটারা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রাজধানীর বনানী, বাড্ডা, পল্লবী, রূপনগর, খিলক্ষেত, বিমানবন্দর, উত্তরা পূর্ব, মোহাম্মদপুর, মতিঝিল, নিউ মার্কেট, যাত্রাবাড়ী, কামরাঙ্গীরচর, ডেমরা, রমনা, গেণ্ডারিয়া, বংশালসহ বিভিন্ন থানার বিএনপি নেতাকর্মীরা রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

এদিকে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে করেছে। গতকাল সকাল সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে হয়।

নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে জেলা বিএনপি। গতকাল দুপুরে শহরের চিনিশপুরের জেলা বিএনপি কার্যালয় থেকে দলের যুগ্ম মহাসচিব ও সভাপতি খায়রুল কবির খোকনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানার মোড়ে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশি বাধায় সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন বিএনপির নেতারা।

জামালপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকাল থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের স্টেশন রোডের দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। পরে সেখানে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ হয়।

নেত্রকোনায় বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল সকাল ১০টায় ছোট বাজারে দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনা জেলা বিএনপি এ কর্মসূচির আয়োজন করে। গাজীপুরে বিক্ষোভ সমাবেশ করেছে গাজীপুর মহানগর ও জেলা বিএনপি। নগরীর রাজবাড়ী রোডে দলের কার্যালয়ের সামনে এ সমাবেশ হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত