জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান

মানসম্মত চলচ্চিত্র নির্মাণের আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ০৩:৫৮ এএম

মানসম্মত চলচ্চিত্র নির্মাণ করে বিশ্বের দরবারে বাংলাদেশকে মর্যাদার আসনে পৌঁছে দেওয়ার লক্ষ্যে যুবসমাজের মেধার সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তথ্য মন্ত্রণালয় আয়োজিত ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৭ ও ২০১৮’ বিতরণকালে এই বিষয়টির ওপর বিশেষ মনোযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের প্রচুর সংখ্যক মেধাবী লোকজন রয়েছে এবং মেধার বিবেচনায় আমরা অনেক দেশের চেয়ে এগিয়ে রয়েছি। মানসম্মত চলচ্চিত্র নির্মাণে এই মেধাকে সঠিকভাবে কাজে লাগানোর মাধ্যমে আমাদের বিশ্বের দরবারে একটি মর্যাদার আসন করে নিতে হবে।’

বাংলাদেশের শিল্পীরা প্রতিবেশী দেশে গিয়ে ভালো কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের চলচ্চিত্রের প্রতি অন্যান্য দেশকে আকর্ষণ করতে আরও ভালো করতে হবে।’ তিনি সব পুরস্কার বিজয়ীকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘আপনাদের ভালো কাজের স্বীকৃতি দিতে এবং আপনাদের আরও সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাতে এই পুরস্কার।’

যুবসমাজের চলচ্চিত্র নির্মাণে এগিয়ে আসাকে প্রশংসা করে তিনি তাদের মেধা বিকাশের লক্ষ্যে বাংলাদেশ টেলিভিশন এবং তার সরকারের প্রতিষ্ঠিত ফিল্ম ইনস্টিটিউট থেকে মানসম্মত চলচ্চিত্র নির্মাণের ওপর যথাযথ প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু। স্বাগত বক্তব্য দেন তথ্য সচিব আবদুল মালেক। অনুষ্ঠানে মন্ত্রিবর্গ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, সংসদ সদস্যগণ, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ, মিডিয়া ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিরা যোগ দেন।

এর আগে গত ৭ নভেম্বর একসঙ্গে দুই বছরের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছিল। চলচ্চিত্র অভিনেতা এটিএম শামসুজ্জামান ও অভিনেত্রী সালমা বেগম সুজাতা যৌথভাবে ২০১৭ সালের এবং অভিনেতা এমএ আলমগীর ও প্রবীর মিত্র ২০১৮ সালের আজীবন সম্মাননা অর্জন করেছেন। ২০১৭ সালের সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ‘ঢাকা অ্যাটাক’ এবং ২০১৮ সালের পুরস্কার জিতেছে ‘পুত্র’। বদরুল আনাম সৌদকে তার চলচ্চিত্র ‘গহিন বালুচর’-এর জন্য ২০১৭ সালের সেরা পরিচালক এবং মুস্তাফিজুর রহমান মানিক তার ‘জান্নাত’ চলচ্চিত্রের জন্য ২০১৮ সালের সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন। শাকিব খান রানা এবং মাহবুবুল আরেফিন শুভ যৌথভাবে ২০১৭ সালের ‘সত্তা’ এবং ‘ঢাকা অ্যাটাক’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। ফেরদৌস আহমেদ এবং সাদিক মো. সাইমন (সাইমন সাদিক) ২০১৮ সালের যথাক্রমে ‘পুত্র’ এবং ‘জান্নাত’ চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। ‘হালদা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য নূসরাত ইমরোজ তিশা ২০১৭ সালের এবং ‘দেবী’ ছবিতে অভিনয়ের জন্য পেয়েছেন জয়া আহসান ২০১৮ সালের সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। ২০১৭ সালে ‘হালদা’ সিনেমার জন্য আজাদ বুলবুল এবং ২০১৮ সালে ‘জান্নাত’ সিনেমার জন্য শ্রেষ্ঠ কাহিনীকারের পুরস্কার পেয়েছেন সুদীপ্ত সাইদ খান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত