প্রেমের ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতানোর অভিযোগ

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ০৪:০৩ এএম

নোয়াখালীতে দুই কলেজছাত্রীর বিরুদ্ধে ফেইসবুকে প্রবাসীদের প্রেমের ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত শনিবার রাতে বেগমগঞ্জ ও সেনবাগ থেকে অভিযুক্ত দুই কলেজছাত্রীসহ তাদের সহযোগী এক বিকাশ এজেন্টকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযুক্ত কলেজছাত্রীর দুজনই নোয়াখালী সরকারি মহিলা কলেজে অধ্যয়নরত। আর মোশারফ হোসেন নামে ওই বিকাশ এজেন্ট বেগমগঞ্জের জয়কৃষ্ণপুর গ্রামের হোসেন আহমদের ছেলে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

সিআইডি জানায়, কোম্পানীগঞ্জের কুয়েতপ্রবাসী সাইফুল ইসলামের অভিযোগের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৮টার দিকে বেগমগঞ্জের খানপুর গ্রাম থেকে এক কলেজছাত্রীকে ও সেনবাগের লেদুয়া গ্রাম থেকে অন্য একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া স্বীকারোক্তি মোতাবেক বেগমগঞ্জ থেকে বিকাশ এজেন্ট মোশারফকে গ্রেপ্তার করা হয়।

সিআইডির প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার কলেজছাত্রীরা প্রতারণার কথা স্বীকার করেছেন। তারা জানিয়েছেন, নিজেদের ইউরোপপ্রবাসী পরিচয় দিয়ে ও নিজেদের আপত্তিকর অবস্থায় উপস্থাপন করে প্রবাসে থাকা যুবকদের প্রথমে প্রেমের ফাঁদে ফেলেন তারা। তারপর তাদের বিয়ে করে ইউরোপে নিয়ে যাওয়ার কথা বলে ওই যুবকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন। অভিযুক্ত বিকাশ এজেন্ট মোশারফ এ কাজে তাদের সহযোগিতা করতেন। মোশারফের মাধ্যমেই প্রবাসীরা তাদের কাছে টাকা পাঠাতেন।

ভুক্তভোগী কুয়েতপ্রবাসী সাইফুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, ওই প্রতারক কলেজছাত্রীদের প্রেমের ফাঁদে পড়ে কুয়েত থেকে তিনি ৫ লাখ টাকা পাঠিয়েছেন। সম্প্রতি দেশে ফিরে খোঁজ নিয়ে সব ঘটনা জানতে পারেন। এ ঘটনায় গত শনিবার নোয়াখালীর সিআইডি কার্যালয়ে ওই প্রতারকদের বিরুদ্ধে অভিযোগ করেন।

নোয়াখালী সিআইডির উপপরিদর্শক শাহ আলম দেশ রূপান্তরকে জানান, অভিযুক্ত দুই কলেজছাত্রীসহ নোয়াখালীতে বেশ কয়েকটি নারী চক্র সামাজিক যোগাযোগের মাধ্যমে একই কায়দায় প্রতারণা করে প্রবাসী যুবকদের প্রেমের ফাঁদে ফেলে সর্বস্বান্ত করেছেন। শুধু তা-ই নয়, কোনো কোনো সময় চক্রটি হাসপাতাল থেকে মুমূর্ষু রোগীদের ছবি তুলে এনে সাহায্য চেয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে ধনীদের দৃষ্টি আকর্ষণ করে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় ভুক্তভোগী সাইফুল বাদী হয়ে দুই কলেজছাত্রীসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত