আগের দিন ফাইনালের ড্রেস রিহার্সালে শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছিল বাংলাদেশ। তবে সোমবার স্বর্ণ পদকের লড়াইয়ে ভুল করেনি নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকাররা। দাপুটে জয়ে জিতে নিয়েছে ১৩তম এসএ গেমসের পুরুষ ক্রিকেট ইভেন্টের স্বর্ণ।
কির্তিপুরে পুরুষ ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩ দলকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।
২০১০ সালে প্রথমবার এসএ গেমসে ক্রিকেট অন্তর্ভুক্ত হলে স্বর্ণ জয় করে বাংলাদেশ। ২০১৬ সালে শিলং-গৌহাটিতে আয়োজিত আসরে ক্রিকেট ছিল না। এবার মেয়েদের ও ছেলেদের দুই ইভেন্টই অন্তর্ভুক্ত করা হয়। দুটি স্বর্ণই জিতে নিয়েছে বাংলাদেশ। আগের দিন নারী ক্রিকেট দল শ্রীলঙ্কাকে হারিয়েই স্বর্ণ নিশ্চিত করেছিল।
শান্ত-সৌম্যদের এই স্বর্ণ এবারের এসএ গেমসে বাংলাদেশের ১৯তম স্বর্ণ। যা এসএ গেমসের ইতিহাসে বাংলাদেশের সর্বোচ্চ স্বর্ণ জয়ের রেকর্ড। আগের সেরা সাফল্য ছিল ২০১০ সালে নিজেদের মাটিতে আয়োজিত আসরে ১৮ স্বর্ণ জয়।
অষ্টম দিন শেষে বাংলাদেশের প্রাপ্তি ছিল ১৪টি স্বর্ণ। এদিন দুপুরের মধ্যে আর্চারি থেকে আসে আরো ৪ স্বর্ণ। তাতে ঢাকায় সর্বোচ্চ ১৮ স্বর্ণ জয়ের রেকর্ড স্পর্শ করে ফেলে বাংলাদেশ। এরপর সৌম্য-শান্তদের ধাত ধরে রচিত হয় নয়া রেকর্ড।
এদিন টস হেরে ব্যাট করতে নেমে ১২২ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। সাম্মু আসান সর্বোচ্চ ২৫ রান করেন। বাংলাদেশের পক্ষে হাসান মাহমুদ ২০ রানে নেন ৩ উইকেট। এ ছাড়া ২ উইকেট নিয়েছেন তানভীর ইসলাম।
জবাবে বাংলাদেশ মাত্র ৩ উইকেট হারিয়ে ১৮.১ ওভারে লক্ষ্যে পৌঁছে যায়। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অপরাজিত ৩৫, সাইফ হাসান ৩৩, সৌম্য সরকার ২৭ এবং ইয়াসির আলী অপরাজিত ১৯ রান করেন। লঙ্কানদের পক্ষে কামিন্দু মেন্ডিস ৯ রানে নেন ১ উইকেট।
দুর্দান্ত বোলিং নৈপুণ্যে ম্যাচসেরা হয়েছেন হাসান মাহমুদ।
