চট্টগ্রাম-৮ আসনে (বোয়ালখালী, চান্দগাঁও) মঈন উদ্দিন খান বাদলের শূন্য আসনে অনেক জল্পনা-কল্পনা ও গুঞ্জনের অবসানের পর অবশেষে নৌকার মাঝি হিসেবে বইঠা তুলে দেওয়া হয়েছে মোসলেম উদ্দিন আহমেদের হাতে। যিনি একজন মুক্তিযোদ্ধা ও প্রবীণ আওয়ামী লীগ নেতা। তিনি গত সাত বছর ধরে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।
সোমবার বিকেলে গণভবনে দলের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় তাকে চট্টগ্রাম-০৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মোসলেম উদ্দিন আহমেদকে মনোনয়ন দেওয়া হয়েছে।
এ মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ ও বোর্ডের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন পাওয়ার বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
এর আগে ৭ নভেম্বর ভারতের বেঙ্গালুরুতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও জাসদ নেতা মঈন উদ্দিন খান বাদল। তার মৃত্যুর পর শূন্য আসনটিতে সংসদ সদস্য হতে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, সাবেক মন্ত্রী ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম বিএসসি, সাবেক সিডিএ চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, প্রয়াত মঈন উদ্দীন খান বাদলের স্ত্রী সেলিনা খান বাদল, বিএনএফের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, নুরুল ইসলাম বিএসসির বড় ছেলে মুজিবুর রহমান, আওয়ামী লীগের কৃষিবিষয়ক উপ কমিটির সদস্য মোহাম্মদ এমরান, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক আইয়ুব খান, এসএম কফিল উদ্দিন, দিলোয়ারা ইউসুফ, সাবেক কাউন্সিলর বিজয় কৃষাণ চৌধুরীসহ আরো কয়েকজন আওয়ামী লীগের মনোনয়ন ফরম নেন।
পরবর্তীতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় মুক্তিযোদ্ধা ও প্রবীণ আওয়ামী লীগ নেতা মোসলেম উদ্দিন আহমেদকে আসনটিতে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ১৩ জানুয়ারি এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১২ ডিসেম্বর। বাছাই ১৫ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহার ২২ ডিসেম্বর।
চট্টগ্রাম-৮ আসনটি চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৩, ৪, ৫, ৬ নং ওয়ার্ড এবং বোয়ালখালী উপজেলার কধুররখীল, পশ্চিম গোমদন্ডী, পূর্ব গোমদন্ডী, শাকপুরা, সারোয়াতলী ইউনিয়ন, পোপাদিয়া ইউনিয়ন, চরণদ্বীপ ইউনিয়ন, আমুচিয়া ইউনিয়ন ও আহল্লা করলডেঙ্গা ইউনিয়ন নিয়ে গঠিত।
আসনটিতে চার লাখ ৭৫ হাজার ৯৮৮ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ দুই লাখ ৪১ হাজার ৯২২ ও নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ৭৪ জন।
