শিশুদের শিক্ষা নিয়ে কাজ করে যেতে চাই

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ১১:১৬ পিএম

সংগীতশিল্পী মৌসুমি আক্তার সালমা। ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই নিয়মিত গানের জগতে তার বিচরণ। মধ্যে বিরতি নিলেও এখন গানে বেশ সরব। বছরজুড়েই ব্যস্ত থাকেন স্টেজ শো নিয়ে। তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

‘সাফিয়া ফাউন্ডেশন’...

এ বছরই আমি দ্বিতীয় কন্যাসন্তানের মা হয়েছি। তার নাম রেখেছি সাফিয়া। শিশুদের শিক্ষার কাজে সহযোগিতা করার জন্য মেয়ের নামেই ‘সাফিয়া ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠা করেছি। এর চেয়ারম্যান হিসেবে আমিই রয়েছি। এ কাজে আমাকে সবচেয়ে বেশি উৎসাহ ও সাহায্য করছে আমার স্বামী সাগর। আসলে শিশুদের শিক্ষা নিয়ে কাজ করার ইচ্ছে আমার অনেক দিন আগে থেকেই ছিল। কিন্তু উপায়টা খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে স্বামীর সহযোগিতায় এমন একটি ভালো কাজের সঙ্গে নিজেকে যুক্ত করতে পেরেছি। এটা আমার কাছে বড় বিষয়। আমি আজীবন শিশুদের শিক্ষার উন্নয়নে কাজ করে যেতে চাই। দেশের বিভিন্ন প্রান্তে আমাদের এই কাজ চলবে। ময়মনসিংহের হালুয়াঘাট এলাকা থেকে প্রথম কার্যক্রম শুরু হয়। গত শনিবার সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে ১৬০ জন প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের মাঝে উন্নতমানের খাবার, স্কুল ব্যাগ ও খাতা কলম বিতরণ করেছি। পাশাপাশি সিরাজগঞ্জ-নাটোরের আদিবাসী সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি নিয়ে একটি ছোট্ট অনুষ্ঠান করেছি। কোমলমতি প্রতিবন্ধী শিশুদের সাংস্কৃতিক পরিবেশনা ছিল উপভোগ করার মতো।

 

নতুন গান...

বেশ কিছু নতুন গানের কাজ করলাম সম্প্রতি। এরমধ্যে একটি ফোক গান গাইলাম এম এ রহমানের সুর ও সংগীতায়োজনে। জিয়াউদ্দিন আলমের সুর ও রেজওয়ানের সংগীতেও একটি গানে কণ্ঠ দিয়েছি। সর্বশেষ রাফির সংগীতায়োজনে একটি গানে কণ্ঠ দিয়েছি। এর বাইরে কয়েকটি গান তৈরি হয়ে আছে। এরমধ্যে থেকে কিছু গান প্রকাশ হবে অন্য কোম্পানি থেকে। নতুন বছর থেকে আমার নিজের ইউটিউব চ্যানেল থেকেও নিয়মিত গান প্রকাশ করব। এগুলো ভিডিওসহই প্রকাশ হবে। সামনেই হয়তো গানের শ্যুটিং নিয়ে ব্যস্ত থাকতে হবে। তাছাড়া নতুন বছরে গান নিয়ে নানা পরিকল্পনা রয়েছে।

 

মিউজিক ইন্ডাস্ট্রির অবস্থা...

মিউজিক ইন্ডাস্ট্রির সার্বিক অবস্থা এখন মোটামুটি ভালো। যে যার মতো করে গান প্রকাশ করতে পারছে। নিজের চ্যানেলে প্রকাশ করলে আমার গানের স্বত্বটা অন্য কাউকে দিয়ে দিতে হয় না। এটা একটা ইতিবাচক দিক। ধীরে ধীরে ইন্ডাস্ট্রির অবস্থা ভালোর দিকে যাবে। কারণ এখন ডিজিটাল প্ল্যাটফর্মে মেধা প্রকাশের ভালো সুযোগ রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে অবস্থা আরও ভালোর দিকে যাবে বলেই আমার বিশ্বাস। নেতিবাচক কিছু দিকও রয়েছে ডিজিটাল দুনিয়ায়। তবে সেগুলোকে এড়িয়ে চলতে হবে। ভালো গানের প্রচারণা বেশি দরকার বলে মনে করি। তাহলে এ ধরনের গান শ্রোতাদের কাছে সহজে পৌঁছাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত