দুই স্কুল শিক্ষার্থীকে বাসচাপা

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ০২:১৫ এএম

জামালপুরের মাদারগঞ্জে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে জাহিদুল ইসলাম (১৬) ও জুয়েল রানা (১৬) নামে দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার দারগাবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনই ছিল দুই পরিবারের একমাত্র ছেলে।

মাদারগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম জানান, বালিজুড়ি বাজার থেকে একটি বাস ঢাকার উদ্দেশে রওনা করে দারগাবাড়ি মোড় এলাকায় জুনাইল বাজার থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে বাসচাপায় ঘটনাস্থলেই নিহত হয় মোটরসাইকেলে থাকা জাহিদুল ইসলাম ও জুয়েল রানা। উপজেলার আদারভিটা থেকে বাসটি জব্দ করা হলেও চালক ও সহযোগী পালিয়ে যায়। জানা যায়, মাদারগঞ্জের বালিজুড়ি পূর্বপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে জুয়েল রানা বালিজুড়ি

এফএম হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল। ছোট থেকেই মেধাবী জুয়েল পিএসসি ও জেএসসি পরীক্ষায় অর্জন করে জিপিএ ৫। এসএসসিতেও ভালো ফলাফল করে ভবিষ্যতে প্রকৌশলী হওয়ার স্বপ্ন ছিল তার। মেধাবী জুয়েল ব্যবহারেও ছিল অমায়িক। দুই বোন এক ভাইয়ের মধ্যে জুয়েল ছিল সবার বড়। দুর্ঘটনার পর ছেলে হারানোর শোকে কথা বলতে পারছেন না জুয়েলের বাবা ট্রাক্টরচালক রুহুল আমিন। আর মা চাম্মা বেগম কিছুক্ষণ পরপরই জ্ঞান হারাচ্ছেন।

জুয়েলের সহপাঠী নূর হোসেন নিয়ন জানান, পড়ালেখায় মেধাবী জুয়েল সব সময় সবার সঙ্গে হাসিখুশি থাকত। জুয়েল ও জাহিদুলের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত ও বিচার দাবি করে তার সহপাঠীরা।

নিহত অপর শিক্ষার্থী জুনাইল সুতারপাড়ার ভাঙারি ব্যবসায়ী গেদা মিয়ার একমাত্র ছেলে জাহিদুল ইসলাম ছিল দুই বোন ও এক ভাইয়ের মধ্যে দ্বিতীয়। জুয়েলের মতো জাহিদও ছিল ছোট থেকেই মেধাবী। মাদারগঞ্জ সানশাইন স্কুলের ছাত্র জাহিদ পড়ালেখার পাশাপাশি মোটরসাইকেল নিয়ে ঘুরতে পছন্দ করত বলে জানিয়েছে তার সহপাঠীরা। একমাত্র ছেলে হারিয়ে পাগলপ্রায় মা জমিরন বেগম চালকের শাস্তি দাবি জানান।

চট্টগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে ওই কাভার্ড ভ্যানের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন শিশুটির মা ও বাবা। গত সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে আকবর শাহ এলাকার জাকির হোসেন রোডে এ দুর্ঘটনা ঘটে। পাঁচ বছর বয়সী মিনহাজ ইসলাম নামে শিশুটি ডবলমুরিং থানার রমনা আবাসিক এলাকার রিপন শেখের ছেলে। রিপন একটি ওষুধ কোম্পানিতে কর্মরত। স্ত্রী-সন্তান নিয়ে ঘুরতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালককে আটক করা হয়েছে।

ফরিদপুরের ভাঙ্গায় গাছের সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কায় চালকের সহকারী নিহত হয়েছেন। নিহত বিল্লাল ফকির (৫০) ভাঙ্গা পৌর এলাকার হোগলাডাঙ্গী গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। গতকাল সোমবার সকাল ৬টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গার চুমুরদী বাসস্ট্যান্ডের পাশে এ দুর্ঘটনা ঘটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত