সামাজিক ও রাজনৈতিক দুর্নীতি সবচেয়ে বড় দুর্নীতি : ফখরুল

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ০২:১৬ এএম

দেশে দুর্নীতি সর্বগ্রাসী রূপ নিয়েছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেনÑ শুধুমাত্র আর্থিক দুর্নীতি হয় না, সামাজিক ও রাজনৈতিক দুর্নীতি সবচেয়ে বড় দুর্নীতির একটি। গতকাল সোমবার জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) পূর্ণাঙ্গ কমিটির নেতাদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা

জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আজ দেশে আর্থিক দুর্নীতি এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে, সেখানে দুর্নীতি দমন কমিশনের  চেয়ারম্যান ও সংসদ সদস্যদের মধ্যে বাগ্বিত-া শুরু হয়ে গেছে। আজ বাংলাদেশের অর্থনীতিকে দুর্নীতির মাধ্যমে প্রায় ধ্বংস করে ফেলা হয়েছে। এখানে একটি-দুইটি নয়Ñ শেয়ারবাজার, ব্যাংক কেলেঙ্কারি, বিদ্যুতের কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট, মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতিÑ এই বিষয়গুলো এমন একটা জায়গায় পৌঁছেছে যে, এখন বাংলাদেশের অর্থনীতি প্রায় শূন্যের কোঠায় পৌঁছে যাওয়ার উপক্রম হয়েছে। তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি শুদ্ধি অভিযানের নাম করে শুধুমাত্র ছোটখাটো দুর্নীতির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে, যারা রুই-কাতলা, যারা সমস্ত সমাজকে গ্রাস করছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের উচিত এখন জনগণের কাছে যাওয়া। এতে যদি তারা মনে করে যে, তারা জনপ্রিয় রাজনৈতিক দল, তাহলে এই নির্বাচনের (একাদশ) ফলাফলকে বাতিল করে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিলেই তো ব্যবস্থা হয়ে যায়। এ সময় জাসাসের সভাপতি অধ্যাপক মামুন আহমেদ, সাধারণ সম্পাদক হেলাল খান, মনিরুজ্জামান মনির, ইথুন বাবু, মোহাম্মদ আহসান উল্লাহ  চৌধুরী, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর শিকদার, জাহাঙ্গীর আলম রিপন প্রমুখ  উপস্থিত ছিলেন।

স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল : দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে গতকাল বেলা সাড়ে ১১টায় রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। মিছিলটি কাকরাইল মোড় থেকে শুরু হয়ে মালিবাগ মোড়ে গিয়ে শেষ হয়। এ সড়কে পুলিশ থাকলেও তারা কোনো বাধা দেয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত