নাটোরের সিংড়ায় পানিতে ডুবে কাউছার হোসেন (২) ও মিম খাতুন (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সিংড়া পৌর শহরের দমদমা-হাড়িগাড়া মহল্লায় বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়। দুই শিশু সম্পর্কে মামাতো-ফুফাতো ভাইবোন। কাউছার হোসেনের ওই মহল্লার শামীম হোসেনের ছেলে ও মিম মিঠুন আলীর ছোট মেয়ে।
স্থানীয় ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম জানান, মঙ্গলবার সকালে শিশু দুটি সবার অজান্তে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে ডুবে যায়। পরে বাড়ির লোকজন তাদের খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরেএকটি স্যান্ডেল ভাসতে দেখেন। পরে তাদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিংড়া থানার ওসি নুর-এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
