ফিফাকে ঘুষ দিয়ে বিশ্বকাপ আয়োজক হয় রাশিয়া!

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ১২:৩৮ এএম

একের পর এক দুর্নীতি-অনিয়মের অভিযোগ আছড়ে পড়ছে রাশিয়ার ক্রীড়াঙ্গনের ওপর। সরকারি মদদে ড্রাগ প্রতারণার দায়ে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপ এজেন্সি পরের চার বছরের জন্য অলিম্পিক এবং বিশ্বকাপের মতো সব বড় আসর থেকে রাশিয়াকে বহিষ্কার করেছে। একদিন পরই জানা গেল রাশিয়ার ক্ষমতাধররা ২০১৮ সালের বিশ্বকাপের আয়োজক হতে তৎকালীন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটারকে ঘুষ দিয়েছিল। এ সংক্রান্ত তথ্য-প্রমাণ দিয়ে ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিস-ডিওজে গত সোমবার ৪৩০ পৃষ্ঠার রিপোর্ট প্রকাশ করেছে তাদের নিজস্ব ওয়েবসাইটে। সূত্র স্কাইস্পোর্টস।

ঘটনাটা আসলে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়ার মতো ব্যাপার। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে রাশিয়ার প্রভাবিত করা নিয়ে তদন্ত করছে আমেরিকান গোয়েন্দা সংস্থা এফবিআই (ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন)। সেখানে এক সাবেক ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তা ক্রিস্টোফার স্টিলের রিপোর্টের কথা উল্লেখ করা হয়েছে। যে রিপোর্টে স্টিল দাবি করেছেন, গত বছরের ফুটবল বিশ্বকাপের আয়োজক হতে ফিফা প্রেসিডেন্টকে ঘুষ দিয়েছিল ‘রাশিয়ার ক্ষমতাধররা’। প্রতিবেদনে তৎকালীন রাশিয়ান প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এবং প্রধানমন্ত্রী ভদিমির পুতিনের (বর্তমান প্রেসিডেন্ট) একটি কথোপকথনের রেকর্ড উদ্ধৃতি করা হয়। ওই কথোপকথনে পুতিন বিশ্বকাপ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টদের ফিফা প্রেসিডেন্টকে রাজি করাতে ঘুষ দেওয়ার নির্দেশ দিচ্ছেন। ২০১৮ সালের বিশ্বকাপের জন্য প্রার্থিতা জানানো নিয়ে ভোট হয়েছিল ২০১০ সালে। সেই প্রার্থিতায় জিতেছিল রাশিয়া। যৌথভাবে অংশ নেওয়া ইংল্যান্ড, নেদারল্যান্ডস ও বেলজিয়াম এবং স্পেন ও পর্তুগালকে পেছনে ফেলেছিল তারা। এফবিআই এবং ব্রিটিশ গোয়েন্দা প্রতিবেদনের দাবি রাশিয়া প্রার্থিতায় জিতেছিল ব্লাটারকে ঘুষ দিয়ে। যদিও রাশিয়ার প্রার্থিতা জানানো সংগঠক স্কাইস্পোর্টস নিউজকে ২০১৭ সালে বলেছিল, সব ধরনের আইনি প্রক্রিয়ার মাধ্যমেই আয়োজক স্বত্ব পেয়েছে তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত