চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ০৪:০০ এএম

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে দলের মনোনয়ন পেলেন চট্টগ্রাম দড়্গিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান। গতকাল মঙ্গলবার রাতে বিএনপির মনোনয়ন বোর্ড মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণের পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নাম ঘোষণা করেন।

মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করতে এ নির্বাচনে আমরা অংশ নিচ্ছি। চট্টগ্রাম-৮ আসনে তিন প্রার্থী মনোনয়ন চেয়েছিলেন। তারা সবাই চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির গুরুত্বপূর্ণ নেতা। মনোনয়ন বোর্ড সিদ্ধান্ত নিয়েছে ২০১৮ সালে নির্বাচনে যিনি মনোনয়ন পেয়েছিলেন (আবু সুফিয়ান) তাকেই প্রার্থী করার। আমরা নির্বাচন কমিশনকে বলব, এ নির্বাচন অন্তত যদি তারা সুষ্ঠুভাবে করতে পারে তাহলে জনগণের কিছুটা আস্থা নির্বাচন ব্যবস্থার ওপর ফিরে আসতে পারে।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি মইন উদ্দিন খান বাদলের মৃত্যুতে শূন্য হওয়া এ আসনের উপনির্বাচন হবে আগামী ১৩ জানুয়ারি। এ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী চট্টগ্রাম দড়্গিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ। একাদশ সংসদ নির্বাচনে এ আসনে ধানের শীষের প্রার্থী হয়েছিলেন আবু সুফিয়ান। নবম সংসদ নির্বাচনে আসনে বিএনপির এমপি হয়েছিলেন এম মোরশেদ খান, যিনি সম্পªতি বিএনপি ছেড়েছেন।

গতকাল সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে চট্টগ্রাম-৮ আসনে মনোনয়নপ্রত্যাশী তিনজনের সাক্ষাৎকার নেয় মনোনয়ন বোর্ড। বোর্ডে বিএনপি মহাসচিবসহ ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু। স্কাইপের মাধ্যমে সাক্ষাৎকারে যুক্ত ছিলেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গতকাল রাতে আবু সুফিয়ান দেশ রূপান্তরকে জানান, চট্টগ্রাম-৮ আসনের জন্য তাকে দল মনোনীত করেছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠি নিয়ে রাতেই চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ছাড়বেন। ১২ ডিসেম্বর চট্টগ্রামে জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেবেন।

উপনির্বাচনে বিএনপির মনোনয়নের জন্য প্রার্থী ছিলেন আবু সুফিয়ানসহ চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক মোশতাক আহমেদ খান ও মহানগরের সাবেক যুগ্ম সম্পাদক এরশাদ উল্লাহ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত