ভালো থাকুক চোখ

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ১১:৩৬ পিএম

শরীরের গুরুত্বপূর্ণ অংশের একটি হলো চোখ। তাই চোখের কোনো ক্ষতি কখনোই কাম্য নয়। অবস্থানগত কারণে গোলাকার চোখ সব সময় সুরক্ষিত থাকলেও চোখ ভালো রাখার জন্য আমাদের কিছু কাজ নিয়মিতভাবে করা উচিত।

চোখ ভালো রাখার কিছু পরামর্শ

অল্প সময়ের মধ্যে চোখে সব ধরনের আলো সয়ে গেলেও অল্প বা তীব্র আলোতে কখনোই লেখাপড়া বা অন্যান্য কাজকর্ম করা উচিত নয়। দিনের বেলা সূর্যের আলো যেন সরাসরি চোখে না পড়ে। রাতে টিউবলাইটের আলোয় কাজ করা চোখের জন্য ভালো।

সম্পূর্ণ অন্ধকার কক্ষে কখনো টিভি দেখা উচিত নয়। দিনের বেলা যে দরজা বা জানালার আলো টিভি স্ক্রিনে প্রতিফলিত হয়, টিভি দেখার সময় সেগুলো বন্ধ করে রাখা যায়। সাধারণত ১০ ফুট দূর থেকে টিভি দেখা উচিত। দীর্ঘ সময় টিভি না দেখে অবশ্যই এর মধ্যে বিরতি নিতে হবে।

চোখে প্রসাধনীর অতিরিক্ত ব্যবহারে ব্লেফারাইটিস, স্টাই ইত্যাদি রোগ হওয়ার আশঙ্কা থাকে। তাই প্রসাধনী ব্যবহারে সতর্কতা আবশ্যক।

প্রকৃতির সবুজ রং চোখের জন্য খুব আরামদায়ক। বাড়িতে থাকা গাছপালার দিকে সকালে ঘুম থেকেই কিছু সময় তাকিয়ে থাকুন। চোখ প্রশান্তি পাবে।

অফিসের কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিন সেভার সবুজ রাখুন। কাজের ফাঁকে ফাঁকে সবুজে চোখ বুলিয়ে নিন।

মাথায় থাকা খুশকি থেকে চোখে ব্লেফারাইটিস দেখা দিতে পারে। তাই খুশকিনাশক শ্যাম্পু ব্যবহার করে মাথা খুশকিমুক্ত রাখতে হবে।

যেহেতু সূর্যালোকের অতিবেগুনি-রশ্মি চোখের শত্রু, তাই রোদে গেলে অবশ্যই চোখে সানগ্লাস পরা উচিত। কনজাংটিভাইটিস, কর্নিয়াল আলসার, আইরাইটিসের রোগীদের জন্য এবং ছানি অপারেশনের পর কালো চশমা ব্যবহার করা জরুরি।

বাচ্চাদের হাম, জলবসন্ত, হুপিংকাশি, ডায়রিয়া ইত্যাদি রোগে ঠিকমতো চিকিৎসা না করালে চোখের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত