জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি ও দলের কেন্দ্রীয় সদস্য এ কে এম সেলিম ওসমান এমপি।
বুধবার জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলের গঠনতন্ত্রের ক্ষমতাবলে এক সাংগঠনিক আদেশে দুই নেতাকে পদোন্নতি দিয়ে দলের এই সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সদস্য করেন।
লিয়াকত হোসেন খোকা এখন থেকে দলের প্রেসিডিয়াম সদস্যের পাশাপাশি সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক পার্টির সভাপতির দায়িত্ব পালন করবেন। গত ৭ ডিসেম্বর কাউন্সিলে সর্বসম্মতভাবে তিনি স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি নির্বাচিত হন।
আরেক নতুন প্রেসিডিয়াম সদস্য সেলিম ওসমান দলের প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছোট ভাই। তিনি নিট গার্মেন্টস ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতির দায়িত্ব পালন করছেন।
