বিদেশগামী কর্মীদের জন্য বীমা বাধ্যতামূলক করছে সরকার। এজন্য জীবন বীমা করপোরেশনের সঙ্গে একটি চুক্তি করেছে সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। গতকাল বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে দুই সংস্থার মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। আগামী ১৯ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বীমার উদ্বোধন করার কথা রয়েছে। এর ফলে নতুন বছরের জানুয়ারি থেকে বীমা ছাড়া বিদেশ যাওয়ার সুযোগ পাবেন না প্রবাসীকর্মীরা। চুক্তির আগে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ বলেন, বীমার মাধ্যমে প্রবাসীদের কিছুটা সুরক্ষা দিতে পারাটাই স্বস্তির। এ সময় মন্ত্রী আশা করেন, খুব শিগগিরই বীমাসুবিধা দুই লাখ থেকে আরও বাড়ানোর দাবি তুলবেন প্রবাসীরা। সে ক্ষেত্রে প্রবাসীরা নিজ থেকেই বাড়তি প্রিমিয়াম দেবেন।
এ সময় আর্থিক বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম বলেন, বীমা চালু হওয়ায় এখন থেকে গর্ব করে বলা যাবে, অন্তত অরক্ষিত অবস্থায় দেশের কর্মীদের বিদেশে ঠেলে দেওয়া হয়নি।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা বলেন, বছরে গড়ে সাত লাখ কর্মী বিদেশে যান। তাদের বীমা সুবিধার জন্য সরকারকে ৩৫ কোটি টাকা ভর্তুকি দিতে হবে।
জানা গেছে, আগামী এক বছরের জন্য এ বীমা বাস্তবায়নের কাজটি করবে জীবন বীমা করপোরেশন। পরে অন্য বীমা প্রতিষ্ঠানকে যুক্ত করা হতে পারে। এমনকি যেসব প্রবাসী বর্তমানে বিভিন্ন দেশে অবস্থান করছেন, তাদেরও ধীরে ধীরে বীমা সুবিধার আওতায় আনার পরিকল্পনা আছে। মন্ত্রণালয়ের পরিপত্র বলছে, বিদেশগামী কর্মীকে ছাড়পত্রের জন্য প্রদেয় অন্যান্য ফির সঙ্গে প্রযোজ্য বীমা প্রিমিয়াম প্রদান করতে হবে।
×
