বলিউডের কিংবদন্তি অভিনেতা দীলিপ কুমার এবার পালন করলেন ৯৭তম জন্মদিন। এত বয়স হওয়া সত্ত্বেও তিনি সেই চির নবীনের মতোই আছেন। এই বয়সেও রয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। জন্মদিনে টুইটারে বিশেষ বার্তা দিয়ে জানালেন যে তিনি মানুষের ভালোবাসায় আপ্লুত।
বলিউড কিংবদন্তির জন্মদিনে মধ্যরাত থেকেই শুভেচ্ছার বন্যা বয়ে যেতে থাকে। সব তারকারাই যেমন শুভেচ্ছা জানিয়েছেন ব্যক্তিগত মেসেজে এবং সোশ্যাল মিডিয়া মারফত, তেমনই তার অসংখ্য গুণমুগ্ধেরাও তার ৯৭তম জন্মদিনে অভিনন্দন জানিয়েছেন। দিলীপ কুমার বরাবরই অত্যন্ত প্রিয়পাত্র তার মধুর ব্যক্তিত্বের জন্য। জন্মদিনে তার বিশেষ বার্তাতেও ধরা পড়ল তার ব্যক্তিত্বের সেই দিকটি।
তিনি ১১ ডিসেম্বর তার টুইটে লিখেছেন, ‘আমার ৯৭তম জন্মদিনে, গতকাল রাত থেকেই অবিরত ফোন ও মেসেজ পেয়ে চলেছি। অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। উদ্যাপন সব সময়ে গুরুত্বপূর্ণ নয়। আপনাদের অকুণ্ঠ ভালোবাসা, স্নেহ ও প্রার্থনায় আমার চোখে জল, অসীম কৃতজ্ঞতায়।’
সেদিক দিয়ে দেখতে গেলে তিনি হলেন বলিউডের প্রথম ‘খান’। তার ভালো নাম ইউসুফ খান যদিও সারা জীবন পর্দায় তিনি দিলীপ কুমার এবং তার ভক্তরাও তাকে ওই নামেই ডাকতে পছন্দ করেন।
১৯৪৪ সালে বম্বে টকিজ-এর ছবি ‘জোয়ার ভাটা’ দিয়ে তার অভিনয়ে পদার্পণ। ওই ছবিতে তার সহ-অভিনেত্রী ছিলেন রুমা গুহঠাকুরতা। পরিচালক ছিলেন অমিয় চক্রবর্তী।
তিনিই প্রথম জিতেছিলেন সেরা অভিনেতার ফিল্মফেয়ার পুরস্কার ১৯৫৪ সালে। মোট ৯টি ফিল্মফেয়ার পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি। ১৯৯৪ সালে তাকে দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করা হয়। ভারত সরকার ২০১৫ সালে তাকে পদ্মবিভূষণ-এ সম্মানিত করে।
