বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সকে ১৪৫ রানের লক্ষ্য দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৪৪ রানের পুঁজি গড়ে চট্টগ্রাম।
চট্টগ্রামের এটি দ্বিতীয় ম্যাচ। অন্যদিকে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন খুলনার আসরে এটিই প্রথম ম্যাচ। আগের দিন আসরের উদ্বোধনী ম্যাচে সিলেট থান্ডারকে ৫ উইকেটে হারিয়েছিল চট্টগ্রাম।
চট্টগ্রামের রানটা এদিন ১৪৪ পর্যন্ত যেতে বড় অবদান মুক্তার আলির। ছয় নম্বরে নেমে শেষ দিকে ১৪ বলে অপরাজিত ২৯ রান করেন তিনি। হাঁকিয়েছেন ৪ ছক্কা।
১৭ ওভার শেষে চট্টগ্রামের রান ছিল ১০৯/৫। শেষ ৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৫ রান যোগ করে দলটি। শেষ ওভারে এসেছে ১৬ রান। মুক্তার ছাড়াও অন্যদের মধ্যে লেন্ডল সিমন্স ২৬, নাসির হোসেন ২৪ রান করেন।
খুলনার পক্ষে ১টি করে উইকেট নিয়েছেন রবি ফ্র্যাইলিঙ্ক, শফিউল ইসলাম, শহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম।
