শুরুর দিকে ধুঁকলেও মুক্তার আলির শেষের ঝড়ে লড়াই করার মতো পুঁজিই গড়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। খুলনা টাইগার্সকে দিয়েছিল ১৪৫ রানের লক্ষ্য। যে লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান তারকা রহমানউল্লাহ গুরবাজ টর্নেডো বইয়ে দিলেন চট্টগ্রাম বোলারদের ওপর। দক্ষিণ আফ্রিকান তারকা রাইলি রুশো খেললেন দাপুটে এক ইনিংস। তাতে চট্টগ্রামকে এ রকম উড়িয়ে দিল খুলনা।
বৃহস্পতিবার বিপিএলের দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রামকে ৮ উইকেটে হারিয়েছে খুলনা। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৪৪ রান করেছিল চট্টগ্রাম। জবাবে মাত্র ১৩.২ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় খুলনা।
রহমানউল্লাহ গুরবাজ ১৮ বলে ৫০ করে বিপিএলে দ্বিতীয় দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন। ফিফটি পূরণের পরের বলেই অবশ্য ফিরে যান তিনি। ৪ চার ও ৫ ছক্কায় সাজান নিজের ইনিংস। বিপিএলের আগের দ্রুততম ফিফটির রেকর্ডটি ছিল আহমেদ শেহজাদের। ২০১২ সালে প্রথম আসরে ১৬ বলে ফিফটি করেছিলেন তিনি।
রাইলি রুশো ৩৮ বলে ৭ চার ও ২ ছক্কায় অপরাজিত ৬৪ রান করেন। মুশফিক ২১ বলে অপরাজিত ছিলেন ২৪ রানে। প্রথম ওভারেই নাজমুল হোসেন শান্ত (৪) ফিরে গেলেও তার কোনো প্রভাবই পড়েনি খুলনার ইনিংসে।
আসরে খুলনার এটিই ছিল প্রথম ম্যাচ। অন্যদিকে চট্টগ্রামের এটি ছিল দ্বিতীয় ম্যাচ। আগের দিন আসরের উদ্বোধনী ম্যাচে সিলেট থান্ডারকে ৫ উইকেটে হারিয়েছিল দলটি।
এর আগ চট্টগ্রামের রানটা ১৪৪ পর্যন্ত যেতে বড় অবদান ছিল মুক্তার আলির। ছয় নম্বরে নেমে শেষ দিকে ১৪ বলে অপরাজিত ২৯ রান করেন তিনি। হাঁকিয়েছেন ৪ ছক্কা।
১৭ ওভার শেষে চট্টগ্রামের রান ছিল ১০৯/৫। শেষ ৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৫ রান যোগ করে দলটি। শেষ ওভারে এসেছে ১৬ রান। মুক্তার ছাড়াও অন্যদের মধ্যে লেন্ডল সিমন্স ২৬, নাসির হোসেন ২৪ রান করেন।
খুলনার পক্ষে ১টি করে উইকেট নিয়েছেন রবি ফ্র্যাইলিঙ্ক, শফিউল ইসলাম, শহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম।
ম্যাচসেরা হয়েছেন খুলনার রাইলি রুশো।
