আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী

বিমানে প্রতি কেজি পেঁয়াজের ভাড়া ১৫০ টাকা

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ০৩:১০ এএম

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, চাহিদা ঘাটতি মেটাতে জরুরিভিত্তিতে বিমানে করে পেঁয়াজ আমদানি করতে গিয়ে কেজিপ্রতি পেঁয়াজের ভাড়া ১৫০ টাকার মতো পড়েছে। এটার বাইরে পেঁয়াজের দাম বাদই দিলাম। পেঁয়াজ আমদানি বন্ধের সুযোগে ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়িয়ে দেন। তবে বাজারে নতুন পেঁয়াজ আসতে শুরু করেছে, দাম কমবে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, প্লেনে করে আমদানি করতে পেঁয়াজের দাম বাদ দিয়েই আমাদের পরিবহন খরচ ১৫০ টাকার মতো লেগেছে। তারপরও মানুষের উপকার করার জন্য আমরা প্লেনে পেঁয়াজ এনেছি। আজ যদি আমাদের জোগান ঠিক থাকত, তাহলে এত দাম বাড়ত না।

তিনি বলেন, ব্যবসায় মুনাফা কতটা করা যাবে, তার কোনো মানদণ্ড নেই। ২৯ সেপ্টেম্বর ভারত যখন পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিল, সেদিন সন্ধ্যায় ঢাকার বাজারে পেঁয়াজের দাম দ্বিগুণ হয়ে যায়। এ পেঁয়াজ তো আমদানি হয়েছে আগে। পেঁয়াজ আমদানি বন্ধের সুযোগে ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়িয়ে দেন।

বাজারে প্রচুর পেঁয়াজ আসতে শুরু করায় দাম কমছে জানিয়ে মন্ত্রী বলেন, পেঁয়াজের দাম এমন একটা পর্যায়ে থাকা উচিত, যেখানে কৃষকের লোকসান হবে না। মানুষেরও ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মো. মফিজুল ইসলাম। ব্যবসায়ী ও ক্রেতার সুবিধার জন্য বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা নিয়ে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন। সভায় বক্তব্য রাখেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য শামসুল আলম, বাণিজ্য সচিব মো. জাফর উদ্দীন, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি শেখ ফজলে ফাহিম এবং প্রতিযোগিতা কমিশনের সদস্য মো. আবদুর রউফ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত