নিউজিল্যান্ডের বিপক্ষে পার্থে প্রথম ডে-নাইট টেস্টের নিয়ন্ত্রণ নিয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিন অজিরা ১০৯ রানের মধ্যে ৫ কিউই ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়েছেন। এর মধ্যে চারজনকে ফিরিয়েছেন মিচেল স্টার্ক। এখনো অতিথিরা পিছিয়ে ৩০৭ রানে।
এদিন অজিরা ১৬৮ রান যোগ করার পর দলীয় সংগ্রহ ৪১৬তে নিয়ে যায়। এরপর মিচেল স্টার্ক ৩১ রানে ৪ উইকেট নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলেন।
অস্ট্রেলিয়ান বোলারদের তোপের মুখে অভিজ্ঞ রস টেইলর এবং কেন উইলিয়ামসন কিছুটা দৃঢ়তার পরিচয় দিয়েছেন। টেইলর ৮৬ বলে ৬৬ রানে অপরাজিত আছেন। উইলিয়ামসন ৭০ বলে ৩৬ করলেও টিকতে পারেননি। স্টার্কের বলে স্মিথের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি।
প্রথম দিন শেষে অস্ট্রেলিয়া ৪ উইকেটে ২৪৮ রান করেছিল। মারনাস লাবুশেন ১১০ রানে অপরাজিত ছিলেন। ট্রাভিস হেড ব্যাটিং করছিলেন ২০ রান নিয়ে। দ্বিতীয় দিন এই দুই অপরাজিত ব্যাটসম্যান ৫৩ রান যোগ করার পর আউট হন।
পঞ্চম উইকেটে লাবুশেন আর হেড ৭৬ রানের জুটি গড়েন। মাত্র ১২ টেস্টের ক্যারিয়ার টানা তিন সেঞ্চুরি করা লাবুশেন শেষ পর্যন্ত ১৪৩ রানে আউট হন। হেড করেন ৫৬।
সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া ৪১৬ (১৪৬.২ ওভার) ( লাবুশেন ১৪৩, হেড ৫৬, ওয়ার্নার ৪৩, স্মিথ ৪৩, পেইন ৩৯ ; ওয়াগনার ৪/৯২, সাউদি ৪/৯৩, গ্রান্ডহোম ১/৩৭)।
নিউজিল্যান্ড: ১০৯/৫ (৩২ ওভার) ( টেইলর ৬৬*, উইলিয়ামসন ৩৪ ; স্টার্ক ৪/৩১, হ্যাজেলউড ১/০)।
