বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে আজ। চোটের কারণে প্রথম দুই ম্যাচ মিস করেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক। গতকাল বিকেলে চট্টগ্রামের টিম ম্যানেজমেন্ট নিশ্চিত করেছে যে আজ সিলেট থান্ডারের বিপক্ষে মিরপুরে দুপুরে অনুষ্ঠিত ম্যাচটিতে খেলতে পারবেন মাহমুদউল্লাহ।
গতকাল দুপুরে মিরপুরের অনুশীলনে মাহমুদউল্লাহ শার্প প্র্যাকটিস সেশনে অংশ নিয়েছেন। দৌড়েছেন। নেটে ব্যাটিং প্র্যাকটিসও করে নিয়েছেন। প্রথমে দলের ম্যানেজার ফাহিম মুনতাসির সুমিত নিশ্চিত করেন যে, অধিনায়কের পরের ম্যাচে খেলা নিয়ে আর সংশয় নেই। এরপর চট্টগ্রামের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, ‘মাহমুদউল্লাহ এখন ফিট। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পরের ম্যাচ খেলতে পারবেন তিনি। বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম নিশ্চিত করেছেন ফিটনেসের সব চাহিদা মাহমুদউল্লাহ পূরণ করেছেন এবং খেলার জন্য ফিট তিনি।’
গত মাসের ভারত সফরের শেষে ইডেন টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করার সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন ৩১ বছরের মাহমুদউল্লাহ। সেই বিকেলে মাঠ ছাড়ার পরের সকালে আর ব্যাটিংয়ে নামতে পারেননি। দেশে এসেও কয়েক দিন বিশ্রামে ছিলেন। পুনর্বাসন প্রক্রিয়া চললেও দলের সঙ্গে ছিলেন শুরু থেকে। প্রথম দুই ম্যাচে রায়াদ এমরিট চট্টগ্রামকে নেতৃত্ব দিয়েছেন। প্রথম ম্যাচে জেতার পর দ্বিতীয়টি হেরেছে চট্টগ্রাম। আজ নিয়মিত অধিনায়কের নেতৃত্বে তাদের জয়ে ফেরার লড়াই।
