আন্তর্জাতিক প্রতিক্রিয়া

সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার আহ্বান ভারতকে

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ০২:৩৪ এএম

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বিক্ষোভের জেরে ভারতে উদ্ভূত পরিস্থিতির ওপর নিবিড়ভাবে নজর রাখছে যুক্তরাষ্ট্র। সাংবিধানিক ও গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সঙ্গতি রেখে ধর্মীয় সংখ্যালঘুদের অধিকারের সুরক্ষা দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সাংবাদিকদের এসব কথা বলেছেন। তিনি বলেন, ‘ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে উদ্ভূত পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছি আমরা। ধর্মীয় স্বাধীনতা এবং সব গোষ্ঠীর সমানাধিকারই আমাদের দুই দেশের গণতন্ত্রের মৌলিক নীতি।’

এর আগে ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাসের পর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আনার প্রস্তাব করে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত কমিশন (ইউএসসিআইআরএফ)। পরে রাজ্যসভার অনুমোদনের পর রাষ্ট্রপতির সম্মতিতে বিলটি আইনে পরিণত হয়েছে।

বিতর্কিত নতুন নাগরিকত্ব আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করে তা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। গতকাল শুক্রবার কার্যালয়ের মুখপাত্র মুসলিমদের বাদ দেওয়ায় আইনটিকে মূলগতভাবে বৈষম্যমূলক বলে উল্লেখ করা হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মুখপাত্র জেরেমি লরেন্স জেনেভায় বলেছেন, ভারতের নতুন নাগরিকত্ব (সংশোধনী) আইন ২০১৯ মূলগতভাবে বৈষম্যমূলক হওয়ায় আমরা উদ্বিগ্ন।

লরেন্স আরও বলেন, আমরা ধারণা করছি নতুন আইনটি ভারতের সুপ্রিম কোর্ট পুনর্বিবেচনা করবে। আশা করি তারা আইনটিকে ভারতের আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করবে।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে নিপীড়নের মুখে ভারতে পালিয়ে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের নাগরিকত্ব দিতে বিলটি পার্লামেন্টে উত্থাপন করে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। গত সোমবার (৯ ডিসেম্বর) মধ্যরাতে ৩১১-৮০ ভোটে লোকসভার অনুমোদন পায় বিলটি। পরে বুধবার পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভারও অনুমোদন পায়। বিরোধী দলগুলো বিলটিকে ‘মুসলিমবিরোধী’ আখ্যা দিয়ে প্রতিবাদ করলেও দেশটির উত্তর-পূর্বাঞ্চল ভিন্ন দাবিতে উত্তাল। আসাম-ত্রিপুরা, মেঘালয়ে শরণার্থীদের অবৈধ অভিবাসীর স্বীকৃতি বাতিল ও এই অঞ্চলকে সিএবি আওতামুক্ত করার দাবিতে বিক্ষোভ করছে তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত