মজুরি কমিশনের সুপারিশ বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের আমরণ অনশন অব্যাহত রয়েছে। গতকাল শুক্রবার অনশনের চতুর্থ দিন পর্যন্ত দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে গুরুতর অবস্থায় ৬০ থেকে ৭০ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের ক্লিনিকে ভর্তি করা হয়েছে। অনশনস্থলে অসুস্থ শ্রমিকদের স্যালাইন দিয়ে রাখা হয়েছে। একই দাবিতে নরসিংদীতে অনশনে বেশ কয়েক শ্রমিক অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় অনশনে অসুস্থ হয়ে আবদুস সাত্তার নামে প্লাটিনাম জুবিলি জুটমিলের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এরপর থেকে খুলনা শিল্পাঞ্চলের শ্রমিকদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। গতকাল অনশনরত শ্রমিকরা বলেন, এবার আর কোনো প্রতিশ্রুতি নয়, মজুরি কমিশন না নিয়ে আমরা আমরণ অনশন কর্মসূচি থেকে উঠব না। বেঁচে থাকার এবং রুটি-রুজির দাবি মজুরি কমিশন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না।’
গত বৃহস্পতিবার রাতে খুলনা যুগ্ম শ্রম অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেন, শ্রমিকদের মজুরি কমিশনের বিষয়ে আগামীকাল ১৫ ডিসেম্বর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আহ্বানে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক ডাকা হয়েছে। আশা করা হচ্ছে সেখানে মজুরি কমিশনের বিষয়টি সমাধান হয়ে যাবে।
খুলনায় পাটকল শ্রমিক আবদুস সাত্তারের মৃত্যুর প্রতিবাদে ও পাটকল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধসহ ১১ দফা দাবিতে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় শ্রমিক ফেডারেশন। গতকাল শুক্রবার রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে পাটকল শ্রমিকরা এ কালোপতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন।
সমাবেশে জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন বলেন, ‘খুলনায় অনশনরত প্লাটিনাম জুট মিলের শ্রমিক আবদুস সাত্তারের মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না। এর দায়ভার লাঘব করার জন্য অবিলম্বে অনশনরত পাটকল শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ, পাটকল শ্রমিকদের জন্য ঘোষিত মজুরি কমিশনের রোয়েদাদ বাস্তবায়ন, পাটকলসমূহের আধুনিকীকরণের মাধ্যমে লাভজনক শিল্পে পরিণত করাসহ ১১ দফা দাবি মেনে নেওয়া এবং বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাই।’
নরসিংদীতে মজুরি কমিশন, বকেয়া বেতন, চাকরি স্থায়ীকরণসহ ১১ দফা দাবি আদায়ে টানা চতুর্থ দিনের মতো চলছে শ্রমিকদের আমরণ অনশন কর্মসূচি। শীত ও কুয়াশা উপেক্ষা করে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন শ্রমিকরা।
শ্রমিকদের আমরণ অনশনে খুলনা প্লাটিনাম জুবলী জুটমিলের শ্রমিক আবদুস সাত্তার মারা যাওয়ায় তার স্মরণে কালোব্যাচ ধারণ, গায়েবি জানাজা ও দোয়াসহ বেশ কয়েকটি কর্মসূচি হাতে নিয়েছে। শ্রমিকদের ন্যায্য ও যৌক্তিক দাবি আদায়ে শ্রমিকদের খোঁজখবর নিয়ে পাশে দাঁড়াচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক সংগঠন। সকাল ১০টার দিকে বাংলাদেশ ইসলামী শ্রমিক আন্দোলন (চরমোনাই অনুসারী) নরসিংদী জেলা শাখার নেতারা ইউএমসি পাটকল শ্রমিকদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেন। এ সময় তারা শ্রমিকদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ করেন।
১০ ডিসেম্বর থেকে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছে।
