ছিটকে গেলেন ভুবনেশ্বর, ভারত দলে শার্দুল

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ১২:৫২ পিএম

দীর্ঘদিনের হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ফিরেছিলেন ভুবনেশ্বর কুমার। কিন্তু ফের চোটে পড়লেন এই পেসার। ফলে উইন্ডিজদের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না তার। ভুবনেশ্বরের জায়গায় দলে ঢুকেছেন আরেক পেসার শার্দুল ঠাকুর।

ভুবনেশ্বরের এবারের চোটটা হ্যামস্ট্রিংয়ে নয়। মুম্বাইয়ে বুধবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচের পর কুঁচকিতে ব্যথা অনুভব করার কথা জানান ভারতের ডানহাতি এই পেসার। বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর পর ওয়ানডে সিরিজ থেকে তার ছিটকে যাওয়ার কথা জানায় বোর্ড। তার বদলি হিসেবে দলে ঢুকেছেন আরেক ডানহাতি পেসার শার্দুল।

এখন পর্যন্ত পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলেছেন শার্দুল। সবশেষ মাঠে নামেন সেপ্টেম্বরে এশিয়া কাপে। সম্প্রতি শেষ হওয়া সৈয়দ মুশতাক আলী টি-টোয়েন্টি ট্রফিতে মুম্বাইয়ের হয়ে আট ম্যাচে ৯টি উইকেট নেন ২৮ বছর বয়সী এই ক্রিকেটার।

শিখর ধাওয়ানের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে গেলেন ভুবনেশ্বর। ধাওয়ানের হাঁটুর চোটে টি-টোয়েন্টি সিরিজে তার বদলি নেওয়া হয়েছিল সঞ্জু স্যামসনকে। ওয়ানডেতে তার জায়গায় এসেছেন মায়াঙ্ক আগাওয়াল।

রোববার চেন্নাইয়ে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ স্বাগতিকরা জিতে নেয় ২-১ ব্যবধানে।

ভারতের ওয়ানডে দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, মনিশ পাণ্ডে, রিশাভ পন্ত (উইকেটরক্ষক), শিবম দুবে, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, কুলদ্বীপ যাদব, দীপক চাহার, মোহাম্মদ শামি ও শার্দুল ঠাকুর

×
সর্বশেষ সর্বাধিক পঠিত