উইন্ডিজের বিপক্ষে ফেবারিট ভারতই

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ১২:১৮ এএম

দারুণ ফর্ম দেখিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ভারত। আজ ঘরের মাঠে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামছে তারা। টানা দশ ওয়ানডে সিরিজে ক্যারিবিয়ানদের হারিয়েছে ভারত। তাই চেন্নাইয়ে অবিসংবাদিত ফেবারিট হয়েই নামছে বিরাট কোহলির দল।

চেন্নাইয়ের ম্যাচটি আজ ভেসে যেতে পারে বৃষ্টিতে। স্থানীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস তেমনি। দুই দলই তাই কিছুটা অনিশ্চয়তা নিয়ে মাঠে নামবে। ইনজুরির কারণে ভারতীয় দলে নেই নিয়মিত ওয়ানডে ওপেনার শিখর ধাওয়ান। স্থানীয় মুস্তাক আলি ট্রফিতে খেলার সময় ইনজুরিতে পড়েন তিনি। তার পরিবর্তে দলে ঢzকেছেন সাম্প্রতিক সময়ে টেস্টে অসাধারণ খেলা মায়াঙ্ক আগারওয়াল। তবে প্রথম ওয়ানডেতে তাকে দিয়ে ওপেন করানো হবে কি না তা নিশ্চিত নয়। রোহিত শর্মার সঙ্গে দেখা যেতে পারে কে এল রাহুলকে। উইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে ৫৬ বলে ৯১ রানের অসাধারণ ইনিংস খেলেছিলেন তিনি।

ইনজুরির কারণে ভারতের ওয়ানডে দলে নেই পেসার ভুবনেশ্বর কুমারও। তার পরিবর্তে দলে ঢzকেছেন শার্দুল ঠাকুর। তবে আজ সবার চোখ থাকবে ঋষভ পান্থের দিকে। উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে ব্যর্থ হওয়ার পর কোহলি এবং তার টিম ম্যানেজমেন্ট পান্থকে আজ সুযোগ দেবেন কি না সেটাও একটা প্রশ্ন। চেন্নাইয়ের উইকেট স্পিন সহায়ক। তাই কুলদিপ যাদব এবং যুবেন্দ্র চাহাল জুটিকে এক সঙ্গে দেখা যেতে পারে। বিশ্বকাপের পর থেকে এই স্পিন জুটি ভারতের হয়ে একসঙ্গে খেলেননি।

ভারতের মতো ইনজুরি সমস্যা আছে উইন্ডিজ শিবিরেও। মুম্বাইয়ে শেষ টি-টোয়েন্টি ম্যাচে ফিল্ডিংয়ের সময় ইনজুরিতে পড়েছিলেন এভিন লুইস। টিম অফিশিয়ালরা আশা করছেন আজ প্রথম ম্যাচে খেলতে পারবেন তিনি। মিডল অর্ডারে ক্যারিবিয়ানদের শক্তি নিকোলাস পুরান এবং শিমরন হেটমায়ার। টি-টোয়েন্টি সিরিজে ফর্মে দেখিয়েছেন। তাছাড়া অলরাউন্ডার রস্টন চেজও একাদশে থাকবেন বলেই ধরে নেওয়া যায়। সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘দল আমাকে অলরাউন্ডার হিসেবে দেখতে চায়। আমি যখন প্রথম শুরু করেছিলাম তখন আমার বোলিংয়ে আত্মবিশ্বাস ছিল না। গত কয়েক বছর আমি মুশির সঙ্গে (পাকিস্তানি লেগ স্পিনার মুস্তাক আহমেদ) বোলিং নিয়ে অনেক খেটেছি। ভবিষ্যতে আমি নিজেকে নাম্বার ওয়ান অলরাউন্ডার হিসেবে দেখতে চাই।’ ভারতের বিপক্ষে এই ওয়ানডে সিরিজে তার (চেজের) চাওয়া কতটা যুক্তিযুক্ত সেটা প্রমাণের সুযোগ পাবেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত