দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ হিসেবে ঘোষণা করা হয়েছে মার্ক বাউচারের নাম। দেশটির সাবেক এই উইকেটকিপার ব্যাটসম্যানকে দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ডিরেক্টর গ্রায়েম স্মিথ। এনোচ এনকুয়ে থাকবেন বাউচারের সহকারী হিসেবে।
সম্প্রতি তিন মাসের জন্য দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ডিরেক্টরের দায়িত্ব নিয়েছেন গ্রায়েম স্মিথ। তিনি বাউচারের কোচ হওয়ার খবর নিশ্চিত করে বলেন, ‘আমি বাউচারকে নিয়োগ দিয়েছি কারণ, বাউচার দলের মধ্যে দৃঢ়তা ফিরিয়ে আনবে বলে মনে করি। তার দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলকে টেস্টেও সফল করে তুলবে।’
২০২৩ সাল পর্যন্ত প্রোটিয়াদের কোচের দায়িত্বে থাকবেন বাউচার। এদিকে সাবেক প্রোটিয়া অলরাউন্ডার জ্যাক ক্যালিসকে দলটির ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে বলে গুঞ্জন রয়েছে।
দক্ষিণ আফ্রিকার সাম্প্রতিক সময়ের পারফরমেন্স ভালো নয়। ২০১৯ বিশ্বকাপের পর প্রোটিয়ারা টানা ৩টি টেস্ট হেরেছে। বিশ্বকাপেও ভালো কিছু করতে পারেনি তারা। আর এ কারণেই গুরুত্বপূর্ণ পদসহ কোচিং স্টাফে পরিবর্তন আনছে দেশটির ক্রিকেট বোর্ড। যুক্ত করা হচ্ছে সাবেক খেলোয়াড়দের।
বাউচার ২০১৬ সালের আগস্টে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া দল টাইটান্সের কোচ হন। এরপর বাউচারের অধীনে চার মৌসুমে দলটি একটি প্রথম শ্রেণির শিরোপা, দুটি ওয়ানডে কাপ এবং দুটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট জিতেছে।
বাউচার দক্ষিণ আফ্রিকার হয়ে ১৪৭ টেস্ট, ২৯৫ ওয়ানডে এবং ২৫টি টি-টোয়েন্টি খেলেছেন।
