বরিস জনসনকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ০১:৫৬ এএম

যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে কনজারভেটিভ পার্টির বড় ব্যবধানের জয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে তার ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করেছেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। অভিনন্দন জানিয়ে পাঠানো বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘এই বিজয় ঢাকা-লন্ডনের বিদ্যমান সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।’ তিনি জানান, দেশ দুটির সম্পর্ক গণতন্ত্র ও সহনশীলতার অভিন্ন মূল্যবোধের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। এছাড়া জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ মোকাবিলার মতো ইস্যুতে আমরা একই অবস্থানে রয়েছি।

২০১৮ সালে জনসনের বাংলাদেশ সফর ও রোহিঙ্গা শিবির পরিদর্শনের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় ও যুক্তরাজ্যের নেতৃত্বের সহায়তায় রোহিঙ্গাদের ওপর চালানো মিয়ানমারের বর্বরতার জবাবদিহি নিশ্চিত করা সম্ভব।

ঐতিহাসিকভাবে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের নিবিড় সম্পর্ক রয়েছে জানিয়ে হাসিনা বলেন, ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে যুক্তরাজ্য সরকার ও জনগণ বাংলাদেশকে সমর্থন দিয়েছিল। বাণিজ্য, বিনিয়োগ, টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বহুমুখী সম্পর্কের জন্য প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। ২০২০ সালে বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে বরিস জনসনকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান শেখ হাসিনা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত