মাসুম রেজার ‘মন্ত্র’ পরিচালনা করবেন সাইফ চন্দন

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ০৪:৪৪ পিএম

'মেঘলা আকাশ', 'মোল্লা বাড়ির বউ' ও 'বাপজানের বায়স্কোপ'  সিনেমার কাহিনিকার মাসুম রেজা এবার লিখেছেন ‘মন্ত্র’। সিনেমাটি পরিচালনা করছেন সাইফ চন্দন। আর বি এস টেক লিমিটেডের ব্যানারে ছবিটি প্রযোজনা করছেন শামসুজ্জামান রিমন। সম্প্রতি ‘মন্ত্র’র কাহিনি ও চিত্রনাট্যকার মাসুম রেজা, প্রযোজক শামসুজ্জামান রিমন ও পরিচালক সাইফ চন্দনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। খুব শিগগিরই ছবির শিল্পী কলাকুশলীদের সঙ্গে চুক্তি হবে বলে জানান নির্মাতা সাইফ চন্দন। তিনি বলেন, ‘দীর্ঘ প্রতীক্ষার পর মাসুম ভাইয়ের স্ক্রিপ্ট পেয়েছি। ‘মন্ত্র’ অসাধারণ এক গল্প। সুন্দর সংলাপ, নিখুঁত চিত্রনাট্য। সবমিলিয়ে ‘মন্ত্র’ আমার কাছে শুধু একটি চলচ্চিত্র নয়- এটি আমার কাছে একটি চ্যালেঞ্জ। ধন্যবাদ জানাই বন্ধু, ভাই প্রযোজক শামসুজ্জামান রিমনকে।’ 

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত কাহিনিকার, চিত্রনাট্যকার এবং বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত নাট্যকার মাসুম রেজা বলেন, ‘সাইফ চন্দন আমার ছোট ভাই। ওর ভাগ্যটাও খুব ভালো। খুব সুন্দর একটি স্ক্রিপ্ট এখন ওর হাতে। আশা করছি ‘মন্ত্র’ খুব ভালো একটি সিনেমা হবে। প্রযোজক রিমনকে অনেক ধন্যবাদ একটি ভালো ছবির পাশে থাকার জন্য।’

নাট্যকার, ঔপন্যাসিক, নাট্য নির্দেশক মাসুম রেজা ‘রঙের মানুষ’ চিত্রনাট্যের জন্যে শ্রেষ্ঠ নাট্যকার বিভাগে বাচসাস পুরস্কার লাভ করেন। এ ছাড়া ২০০৬ সালের ‘মধুময়রা’ টেলিভিশন নাটকের জন্য তিনি শ্রেষ্ঠ নাট্যকারের জন্য মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার লাভ করেন।

বিরসা কাব্য, আরজ চরিতামৃত, শামুকবাস, নিত্যপুরাণ, জল বালিকা, বাঘাল, কুহকজাল, সুরগাও একাধিক মঞ্চ নাটক রচনা ও একাধিক নাটক নির্দেশনা দিয়েছেন।

অন্যদিকে পরিচালক সাইফ চন্দন বর্তমানে ‘ওস্তাদ’ চলচ্চিত্রের শুটিং এ ব্যস্ত আছেন। তার পরিচালিত সবশেষ মুক্তি পেয়েছে চলচ্চিত্র ‘আব্বাস’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত