দশ বছর পর পাকিস্তানে ফিরেছিল টেস্ট ক্রিকেট। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে দাপট দেখাচ্ছিল বৃষ্টি। প্রথম চার দিনে খেলা হয়েছিল মাত্র ৯১.৫ ওভার। পাকিস্তান দর্শকদের উৎসবটা মোটেও রঙিন হয়নি তাতে। কিন্তু রবিবার পঞ্চম ও শেষ দিনে খেলা হলো। আর সেখানেই ইতিহাস গড়ে পাকিস্তানে টেস্ট ফেরার উৎসব রাঙালেন আবিদ আলি।
পাকিস্তানের ৩২ বছর বয়সী ওপেনার ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ও টেস্ট অভিষেকে সেঞ্চুরির কীর্তি গড়লেন। এ বছর মার্চে দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন আবিদ। সব মিলে ৪ ওয়ানডে খেলার অভিজ্ঞতা নিয়ে রাওয়ালপিন্ডিতে টেস্ট অভিষেক হয় তার।
পাকিস্তান ইনিংসের ৬১তম ওভারের প্রথম বলে বিশ্ব ফার্নান্দোকে চার হাঁকালে আবিদের রান দাঁড়ায় ৯৯। ঠিক পরের বলেই ২ রান নিয়ে প্রথমবার সাদা পোশাকে খেলতে নামা এই ডানহাতি পূরণ করে ফেলেন সেঞ্চুরি। একই সঙ্গে নাম ওঠে যায় ইতিহাসে।
১৯৭১ সালের জানুয়ারি থেকে ওয়ানডে ক্রিকেট চালু হওয়ার পর আবিদ ১৫তম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে অভিষেকে সেঞ্চুরির কীর্তি গড়েছিলেন। কিন্তু অন্যদের কারো একই সঙ্গে টেস্টে অভিষেকেও সেঞ্চুরির কীর্তি নেই।
টেস্ট ক্রিকেটের পথচলা শুরু ১৮৭৬ সালে। এরপর ১১তম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করলেন আবিদ।
বৃষ্টির দাপট দেখানো ম্যাচটা শেষ পর্যন্ত ড্রই হয়েছে। এদিন সকালে ৬ উইকেটে ৩০৮ রান করে শ্রীলঙ্কা নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে দেয়। এরপর দিনের খেলা শেষ ঘোষণা হওয়ার আগ পর্যন্ত পাকিস্তান ২ উইকেটে ২৫২ রান করে।
আবিদ ১০৯ রানে অপরাজিত থেকে যান। তার ২০১ বলের ইনিংসে ছিল ১১ চার। এ ছাড়া সেঞ্চুরি এসেছে বাবর আজমের ব্যাট থেকেও। ১২৮ বলে ১০২ রানে অপরাজিত ছিলেন তিনি।
