অস্ট্রেলিয়ার বিশাল জয়

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ১১:২৯ পিএম

দ্বিতীয় ইনিংসেও প্রতিরোধ গড়তে পারেনি নিউজিল্যান্ড। তাই ফল যা হওয়ার তাই হয়েছে। এক দিন হাতে রেখেই পার্থ টেস্ট অস্ট্রেলিয়া জিতে নিয়েছে ২৯৬ রানের বিশাল ব্যবধানে। নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ১৭১ রানে অল আউট হয়।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৪১৬ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২১৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল। ফলে নিউজিল্যান্ডের সামনে টার্গেট দাঁড়ায় ৪৬৮ রানের। জবাব দিতে নেমে মিচেল স্টার্কের গতি আর নাথান লায়নের ঘূর্ণির মুখে দিশাহারা হয় কিউইরা। কোনো ব্যাটসম্যান দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি করতে পারেননি। সর্বোচ্চ ৪০ রান করেন বিজে ওয়াটলিং। ৩৩ রান করেন কলিন ডি গ্রান্ডহোম। স্টার্ক ৪৫ রানের বিনিময়ে ৪ উইকেট নেন। লায়ন ৬৩ উইকেট নেন ৪ উইকেট। নিউজিল্যান্ডের পক্ষে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন টিম সাউদি। পার্থ টেস্টে দুই ইনিংসে ৯ উইকেট নেওয়ার কারণে ম্যাচ সেরা হয়েছেন স্টার্ক। ম্যাচ সেরার পুরস্কার হাতে নিয়ে তিনি বলেন, ‘এই গরমে বোলিং করাটা খুব কঠিন। তার সব কৃতিত্ব দিতে হবে বোলিং ইউনিটকে। পারটাইম বোলাররাও তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করেছে।’ বড় ব্যবধানে জেতায় খুশি টিম পেইনও, ‘প্রথম ইনিংসে দারুণ ব্যাট করে আমরা ম্যাচের গতিপথ নির্ধারন করে দিয়েছিলাম। দ্বিতীয় ইনিংসে পরিস্থিতি আমাদের অনুকূলে ছিল। আমাদের বোলিং আক্রমণ নিয়ে আমি সত্যি গর্বিত। মাত্র ১০৫ ওভারে তারা ২০ উইকেট তুলে নিয়েছে।’ অস্ট্রেলিয়াকে কৃতিত্ব দিয়েছেন কেন উইলিয়ামসন। বলেছেন, ‘আমরা জানতাম এরকম কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে বড় চ্যালেঞ্জে পড়তে হবে। তারা আমাদের চেয়ে ভালো খেলেই জিতেছে।’
মেলবোর্নে দুই দলের বক্সিং ডে টেস্ট শুরু হবে ২৬ ডিসেম্বর। ঘরের মাঠে পাকিস্তানকে টানা দুই টেস্টে ইনিংস ব্যবধানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। এরপরই নিউজিল্যান্ডকে ফলোঅন না করিয়ে বিশাল ব্যবধানে হারাল। তাই আত্মবিশ্বাসের চূড়ায় থেকে বক্সিং ডে টেস্টে খেলতে নামবে তারা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত