বিচারপতির ছেলের বিরুদ্ধে রিট শুনতে রাজি হলো হাইকোর্ট

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ০২:১৪ এএম

পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ার পরও এক বিচারপতির ছেলে মো. জুম্মান সিদ্দিকীকে সরাসরি হাইকোর্টের আইনজীবী হিসেবে গেজেট প্রকাশের বৈধতা নিয়ে রিট শুনতে সম্মত হয়েছে হাইকোর্ট।

চারটি বেঞ্চের অপারগতা প্রকাশের পর অবশেষে গতকাল রবিবার জ্যেষ্ঠ বিচারপতি তারিক উল হাকিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ বলেছে, এই রিট মামলাটি আগামী মঙ্গলবার কার্য তালিকায় আসবে। আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার অনিক আর হক, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ও অ্যাডভোকেট ইশরাত হাসান।

আইনজীবীরা জানান, রিট আবেদনটি নিয়ে গতকাল প্রথমে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে গেলে তারা শুনতে অপারগতা প্রকাশ করে। এরপর রিট আবেদনটি নিয়ে বিচারপতি তারিক উল হাকিমের নেতৃত্বাধীন বেঞ্চে যাওয়া হয়। হাইকোর্টের এই বেঞ্চ রিট আবেদনটি শুনতে সম্মত হয়েছে। এর আগে ২১ ও ২৮ নভেম্বর এবং ১১ ডিসেম্বর হাইকোর্টের মোট চারটি বেঞ্চ ওই রিট শুনতে অপারগতা প্রকাশ করে।

রিট আবেদনে বলা হয়, বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষায় কয়েকবার অংশ নিয়েও কৃতকার্য হতে পারেননি হাইকোর্টের বিচারপতি আবু জাফর সিদ্দিকীর ছেলে মো. জুম্মান সিদ্দিকী। অথচ জুম্মান সিদ্দিকীকে সরাসরি হাইকোর্টের আইনজীবী হিসেবে অন্তভু©ক্ত করে গত ৩১ অক্টোবর গেজেট প্রকাশ করা হয়েছে। রিটে ওই গেজেট এবং ১৯৭২ সালের বাংলাদেশ বার কাউন্সিল অর্ডারের ২১(১) (খ) ও ৩০(৩) ধারা চ্যালেঞ্জ করা হয়েছে। জুম্মান সিদ্দিকীসহ বার কাউন্সিলের সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত