ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩-০ গোলে উড়ে যাওয়ার ম্যাচে মেসুত ওজিলকে নিয়ে ফের অস্বস্তিতে পড়েছে আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে রবিবার দ্বিতীয়ার্ধে তাকে উঠিয়ে নিলে মেজাজ হারান।
ম্যাচ শেষে দলটির কোচ ফ্রেডি লুজেনবার্গ ওজিলকে রীতমতো শাসিয়েছেন, ‘ওজিলের সঙ্গে বিষয়টি নিয়ে বোঝাপড়া করব।’
জার্মানির সাবেক এই ফুটবলার মাঠ ছাড়ার সময় হাত থেকে কিছু একটা খুলে লাথি মারেন।
ওজিলকে নিয়ে গত কয়েক বছরে বেশ কয়েকবার বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে আর্সেনালকে। কিন্তু প্রতিবারই তার পাশে থেকেছে ক্লাবটি। সর্বশেষ চীনে অত্যাচারিত মুসলিমদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে আলোচনার জন্ম দেন।
‘সে কীভাবে প্রতিক্রিয়া দেখাবে, এটা তার ব্যাপার। আমরা পরে বিষয়টি নিয়ে বোঝাপড়া করব,’ সংবাদ সম্মেলনে বলছিলেন অন্তবর্তী কোচ লুজেনবার্গ।
‘আমি দিনভিত্তিক এখানে আছি। কিন্তু অবশ্যই খেলোয়াড়দের থেকে ভালো আচরণ চাই।’
এই হারের পর ১৭ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে নবম আর্সেনাল। ১১ জয় ও দুই ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। ৪ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে আছে লেস্টার সিটি। অনেক এগিয়ে শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৪৯। চতুর্থ স্থানে থাকা চেলসির পয়েন্ট ২৯।
