বিজয়ের আনন্দে সাবেক ফুটবলারদের অনন্য দিন

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ১১:৪২ পিএম

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কৃত্রিম টার্ফে সোমবার বসেছিল তারকাদের মিলনমেলা। বিজয় দিবস উদ্‌যাপনে অনুষ্ঠিত এক প্রীতি ম্যাচে অংশ নেওয়াই ছিল উদ্দেশ্য। উপলক্ষ ফুটবল হলেও দীর্ঘদিন পর প্রিয় সতীর্থদের পেয়ে আনন্দে মেতে উঠেছিলেন সাবেক ফুটবলাররা।

‘লাল ও সবুজ’ দু’দলে ভাগ হয়ে তারা মেতে ওঠেন ফুটবল আনন্দে। যে লড়াইয়ে জয়-পরাজয় মুখ্য ছিল না। তারপরও সাবেক তারকা জাকিরের গোলে জিতেছে লাল দল।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এই আয়োজনকে সাধুবাদ জানিয়ে সাবেক তারকা শেখ মোহাম্মদ আসলাম বলেন, ‘পুরোনো খেলোয়াড়দের অনেকেই আছে ছন্নছাড়া অবস্থায়। আমরা যে এক সঙ্গে হতে পেরেছি এই মহতী অনুষ্ঠানের মাধ্যমে এই জন্য বাফুফেকে সাধুবাদ জানাই। এই অনুষ্ঠান আমাদের একত্রিত করে দেয়। বিজয়টা আসলে সারা বাংলাদেশ এক সঙ্গে উদ্‌যাপন করছে, সঙ্গে সঙ্গে আমরা সাবেকরাও উদ্‌যাপন করছি।’

জাতীয় দলের ম্যানেজার সত্যজিৎ দাস রুপু বলেন, ‘বিজয় দিবসের এই দিনে প্রাক্তন খেলোয়াড়দের যে মিলনমেলা, সেটা সত্যি আনন্দের। এই আনন্দের দিনে আমরা যে উৎসব উদ্‌যাপন করলাম সেটা সারা জাতির সঙ্গে বাফুফে একাত্মতা ঘোষণা করে উদ্‌যাপন করল।’

এই প্রীতি ম্যাচে হারজিতকে এক পাশে রেখে বিজয় দিবস উদ্‌যাপন এবং প্রিয় সদস্যদের সঙ্গে পুনর্মিলনই মুখ্য মনে করেন সাবেক ডিফেন্ডার কায়সার হামিদ, ‘এখানে হারজিত বড় কথা না। সবাই এক সঙ্গে হলে অনেক অনেক স্মৃতি মনে ভিড় জমায়। এখানে সাবেক তারকারা এসেছি। এটা মিলনমেলা। আনন্দের সঙ্গে খেলি। সেই সময় কেউ দলে কেউ বিপক্ষে খেলেছে। এখন সবাই এক সঙ্গে খেলছি। প্রতি বছর এই দিনে যখন এক সঙ্গে হই সত্যি খুব ভালো লাগে।’

বাফুফে প্রতি বছরই বিজয় দিবস উদ্‌যাপনে এই প্রীতি ম্যাচ আয়োজন করে আসছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত