নিউজিল্যান্ডের সঙ্গে পার্থ টেস্টে দারুণ পারফর্ম করেছেন মারনাস লাবুশেন ও মিচেল স্টার্ক। তার ফলস্বরূপ আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়েও উন্নতি ঘটেছে এই দুই অস্ট্রেলিয়ানের।
টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে পাঁচে উঠেছেন লাবুশেন। স্টার্কও টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ে নয় ধাপ ওপরে উঠে পাঁচে আছেন। দুজনেরই ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং এটি।
ব্যাটিং র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে রয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। বোলিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স।
এখন পর্যন্ত মাত্র ১২ টেস্ট খেলেছেন লাবুশেন। অ্যাশেজে স্টিভেন স্মিথের কনকাশনের পর খেলতে নামার পর থেকে লাবুশেন আছেন দারুণ ফর্মে। সেই থেকে ১১ ইনিংসে লাবুশেন করেন ৮৯৩ রান। গড় ৮১.১৮।
সবশেষ তিন ম্যাচে সেঞ্চুরি করেছেন লাবুশেন। পার্থ টেস্টে খেলেন ১৪৩ ও ৫০ রানের ইনিংস। একই টেস্টে দুই ইনিংস মিলিয়ে স্টার্ক ৯ উইকেট নিয়েছেন ৯৬ রানে।
প্রথমবারের মতো টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে ঢুকেছেন পাকিস্তানের বাবর আজম। রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেন অপরাজিত ১০২ রানের ইনিংস। সেই সুবাদে চার ধাপ ওপরে উঠে বাবর আছেন ৯ নম্বরে।
এ ছাড়া অভিষেক টেস্টে অপরাজিত ১০৯ রানের ইনিংস খেলা পাকিস্তানি ব্যাটসম্যান আবিদ আলি আছেন ৭৮ নম্বরে। বোলিং র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে ঢুকেছেন কিউই পেসার টিম সাউদি। পার্থে দুই ইনিংসে ৯ উইকেট নেওয়ার পর সাউদির অবস্থান ১০-এ।
এ ছাড়া নিল ওয়াগনার আছেন তিনে। অলরাউন্ড র্যাঙ্কিংয়ে শীর্ষ চার আছে আগের মতোই। পাঁচে উঠেছেন স্টার্ক। শীর্ষে আছেন উইন্ডিজের জ্যাসন হোল্ডার।
