তামিম হাসপাতালে চট্টগ্রামে খেলা অনিশ্চিত

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ০৪:২৭ এএম

চট্টগ্রামের ছেলে তামিম ইকবালের হয়তো এবারের বিপিএলের চট্টগ্রামপর্বে খেলাই হবে না। তামিমকে গতকাল ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খারাপ কিছু নয়। ভাইরাল ফিভার। আজই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু শরীর দুর্বল। ওদিকে কুঁচকির একটা সমস্যাও আছে। সব মিলে ঢাকা প্লাটুনের ড্যাশিং ওপেনারকে নিয়ে চিন্তিত দল, দুর্ভাবনায় প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিনও।

ঢাকায় খেলা ৩ ম্যাচের দুটি জিতেছে, একটি হেরেছে প্লাটুন। তামিমের স্কোর যথাক্রমে ৫,৭৪ ও ৩১। সিলেট থান্ডারকে মিরপুরে ১৪ ডিসেম্বর (শনিবার) হারানোর রাতে অসুস্থতা বোধ করেন তামিম। বমি করেছেন। ফুড পয়জনিংয়ের কথা শোনা যায়। দুর্বল হয়ে পড়েন। জ্বরও কমার নাম নিচ্ছিল না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী গতকাল সন্ধায় জানালেন, ‘তামিমকে আজ (সোমবার) বিভিন্ন ধরনের পরীক্ষা করানো হয়েছে। ডেঙ্গু না। জ্বর কমেছে। টেস্টে কিছু পাওয়া যায়নি। শেষ পর্যন্ত ব্যাপারটা ভাইরাল ফিভার। তেমন খারাপ কিছু না। আজ হাসপাতালে থাকতে বলা হয়েছে। কাল (মঙ্গলবার) ছেড়ে দেবে।’

চট্টগ্রাম পর্বে ঢাকার তিনটি ম্যাচ। ১৮, ২৩ ও ২৪ ডিসেম্বর খেলা। ইনফর্ম ব্যাটসম্যান এবং বিপিএলের ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক শিষ্য তামিমের এই অবস্থায় কোচ সালাউদ্দিন দুশ্চিন্তা নিয়ে দেশ রূপান্তরকে গতকাল রাতে জানালেন, ‘পুরো চট্টগ্রামে পাব কি না জানি না। তবে আমার মনে হয় যেহেতু জ্বর তা দুই একদিনের মধ্যে ভালো হতে পারে। কিন্তু আমাদের খেলা তো ১৮ তারিখে। এ নিয়ে একটু চিন্তিত।’

চিকিৎসক দেবাশীষের কাছে জানতে চাওয়া হয় চট্টগ্রাম পর্বে তামিমের খেলতে পারার সম্ভাবনা তিনি দেখছেন কি না। ‘আমার ধারণা মতে নেই।’ তবে এর সঙ্গে তিনি যোগ করে দিলেন, ‘কিন্তু কাল (আজ) আরেকবার টেস্ট করিয়ে আরও নিশ্চিত করে বলতে পারব। তবে ওর এখন শরীর দুর্বল। আগামী কয়েকদিন আর ম্যাচে থাকবে না এটা নিশ্চিত। তবে (চট্টগ্রাম পর্বের) শেষের দিকে একটা ম্যাচে (খেলতে) পারতেও পারে।’ শরীরটা একটু ভালো বোধ করলে তামিমের গ্রোয়েন বা কুঁচকির স্ক্যান করিয়ে দেবাশীষ জানার চেষ্টা করবেন আদৌ সেটা সমস্যা কি না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত