টাইগারদের দায়িত্ব ছাড়ছেন ল্যাঙ্গাভেল্ট

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ১১:৫৮ পিএম

বাংলাদেশ দলের বোলিং কোচের দায়িত্ব ছাড়তে যাচ্ছেন শার্ল ল্যাঙ্গাভেল্ট। সাবেক এই দক্ষিণ আফ্রিকান পেসার আবারো নিজ দেশের বোলিং কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন। আর এ কারণেই টাইগারদের দায়িত্ব ছাড়তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চিঠি দিয়েছেন তিনি।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ল্যাঙ্গাভেল্টের চিঠির দেওয়া বিষয়টি।

কিছুদিন আগেই দক্ষিণ আফ্রিকার ক্রিকেট পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। তিনি দায়িত্ব নেওয়ার পরই তার এক সময়ের সতীর্থ মার্ক বাউচার প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। প্রোটিয়া কোচিং স্টাফ যেন এক ধরনের পালা বদলের মধ্য দিয়েই যাচ্ছে। প্রোটিয়া কোচিং স্টাফে গ্রায়েম স্মিথ এবার চাচ্ছেন ল্যাঙ্গাভেল্টকেও।

ল্যাঙ্গাভেল্ট এর আগে ২০১৫ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন। আর বিশ্বকাপের পর টাইগারদের বোলিং কোচ পদে কোর্টনি ওয়ালশের স্থলাভিষিক্ত হয়েছিলেন ৪৫ বছর বয়সী ল্যাঙ্গাভেল্ট।

দেশের হয়ে ৬টি টেস্ট, ৭২টি ওয়ানডে ও ৯টি টি-টোয়েন্টি খেলেছেন ল্যাঙ্গাভেল্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত