কক্সবাজারে রামু উপজেলার পেঁচার দ্বীপ এলাকায় ‘গুড ভাইব কটেজ’ নামে একটি রিসোর্টে অস্ট্রেলিয়ান এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টার অভিযোগে গত রবিবার রাতে দুজনকে আটক করেছে পুলিশ। তারা হলো পেঁচার দ্বীপ এলাকার কলিম উল্লাহর ছেলে আনচার উল্লাহ (২৪) ও আবদুল মুনাফের ছেলে আবদুল গফুর (২০)। তারা কটেজটির কর্মচারী। ঘটনার সঙ্গে জড়িত বেলাল উদ্দিন (২৫) নামে আরও একজন পলাতক রয়েছে।
পুলিশ জানায়, গত রবিবার রাতে কটেজটিতে ঘুমানোর সময় অস্ট্রেলিয়ান ওই নারীকে ধর্ষণের চেষ্টা করা হয়। এ সময় ওই পর্যটক ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের জরুরি সহায়তা চান। এর পরিপ্রেক্ষিতে রামু থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে। ঘটনার সময় ধস্তাধস্তিতে ওই নারী আহত হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তিনি ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করেন।
রামু থানার ওসি মো. আবুল খায়ের জানান, অস্ট্রেলিয়ান এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে ওই পর্যটক বা অস্ট্রেলিয়ান হাইকমিশন মামলা করলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অন্যথায় পুলিশ বাদী হয়ে জড়িতদের বিরুদ্ধে মামলা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন বলেন, ‘গত শনিবার অনলাইনের মাধ্যমে রুম বুকিং দিয়ে অস্ট্রেলিয়ান ওই নারী গুড ভাইব কটেজে ওঠেন। এ সময় আটক হওয়া ব্যক্তিরা ওই নারীকে ধর্ষণের চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে। জড়িতদের আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।’ তিনি বলেন, ‘ঘটনাটি গুড ভাইব কটেজে ঘটেছে। এটি মারমেইড বিচ রিসোর্টের মালিক আনিসুল হক সোহাগের ভাই শাহীনের মালিকানাধীন। যেহেতু ঘটনাটি পর্যটনসংশ্লিষ্ট তাই বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।’ এ ব্যাপারে ওই কটেজ কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
