ভিপি নুরের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চের হামলা

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ০২:৩৫ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ওপর হামলা করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠনের নেতাকর্মীরা। হামলায় ডাকসু ভিপি ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেনসহ প্রায় ১০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে এই হামলার ঘটনা ঘটে।

এদিকে হামলার প্রতিবাদে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের ডাক দিয়েছেন ভিপি নুরুল হক নুর। অন্যদিকে মুক্তিযুদ্ধ মঞ্চের পক্ষ থেকে তাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভারতের এনআরসি ও সিএবির বিরুদ্ধে আন্দোলনরত ভারতীয়দের প্রতি সংহতি জানিয়ে রাজু ভাস্কর্যে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশের ডাক দেয় ভিপি নুরের সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। ভিপি নুরুল হক ও তার অনুসারীরা ৪টার দিকে সেখানে এলে মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি ও ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুন দলবল নিয়ে ডাকসুর ভিপি ও তার অনুসারীদের ওপর হামলা করেন। হামলায় নুরের বাম হাতের দুটি আঙzল ভেঙে গেছে। এ ছাড়াও ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেনসহ প্রায় ১০ জন আহত হয়েছেন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

হামলার পর নুরুল হক নুর বলেন, ভারতে এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ করতে এলে মুক্তিযুদ্ধ মঞ্চ নামক সন্ত্রাসী বাহিনী বিনা উসকানিতে আমাদের ওপর হামলা চালিয়েছে। তাদের সরকার মদদ দিচ্ছে। আগামীকাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

এদিকে হামলার অভিযোগ অস্বীকার করে মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন দেশ রূপান্তরকে বলেন, দুর্নীতিবাজ ভিপির পদত্যাগের জন্য আমরা ৪৮ ঘণ্টা সময় দিয়েছিলাম। কিন্তু পদত্যাগ না করায় আমরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছি। আজকে নুর ‘দেশবিরোধী’ একটি সমাবেশ করতে গেলে আমরা তাতে বাধা দেই। সমাবেশ না করার জন্য আমরা তাকে অনুরোধ করি। তখন ভিপি ও তার দলবল আমাদের ওপর হামলা করে। এতে আমাদের একজন আহত হয়েছে। আজকের ঘটনার পর তাকে ক্যাম্পাস থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তাকে যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত