কুমিল্লাকে ১৮২ রানের টার্গেট দিল রংপুর

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ০৩:২৮ পিএম

ঝড়ো ব্যাটিংয়ে মোহাম্মদ শাহজাদের অর্ধশতক ছাড়ানো ইনিংসের পর মোটামুটি রানের দেখা পেয়েছেন টম অ্যাবেল, মোহাম্মদ নবি। তাতে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে বিশাল টার্গেট ছুড়ে দিয়েছে রংপুর র‍্যাঞ্জার্স।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার বিপিএলের প্রথম ম্যাচটিতে নির্ধারিত কুড়ি ওভারে ৮ উইকেটে ১৮১ রানে সংগ্রহ পেয়েছে টসে জেতা রংপুর। দলের এই সংগ্রহে বড় অবদান শাহজাদের। উইকেট ছাড়ার আগে সাত চার ও চার ছক্কায় ২৭ বলে ৬১ করা করেছেন ডান হাতি এই ব্যাটসম্যান। ইনিংসটি খেলার পথে ২১ বলে অর্ধশতক পূর্ণ করেন শাহজাদ।

অন্যদের মধ্যে ২০ বলে ২৬ রান করেন অধিনায়ক মোহাম্মদ নবি। ২৫ বলে ২৫ রান করেন টম অ্যাবেল। ১২ বলে ২১ রান করেন লুইস গ্রেগরি।

কুমিল্লা বোলারদের মধ্যে ২৫ রানে দুটি উইকেট নেন আফগান স্পিনার মুজিব উর রহমান। একটি করে উইকেট নেন সানজামুল ইসলাম, আল-আমিন হোসেন ও সৌম্য সরকার।

এবারের বিপিএলে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে কোনোটিতে জয়ের দেখা পায়নি রংপুর। সাত দলের পয়েন্ট টেবিলে একেবারে তলানিতে তারা। খুব ভালো অবস্থানে নেই কুমিল্লা ওয়ারির্স। দুই ম্যাচে একটিতে জিতে ২ পয়েন্ট নিয়ে পঞ্চমস্থানে আছে তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত