আগামী ১ জানুয়ারি থেকেই শিল্প খাতের জন্য ঋণে এক অঙ্কের বা সিঙ্গেল ডিজিটের সুদহার কার্যকর করা হবে বলে গতকাল বুধবার আবারও নিশ্চিত করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, তার আগেই এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।
গতকাল সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, কীভাবে এক অঙ্কের সুদহার কার্যকর করা হবে সে বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রতিবেদন তৈরি করেছে। তবে সার্কুলার ইস্যু করেনি। তাদের একটি কমিটি করে দিয়েছিলাম। সেই কমিটি কাজ শেষ করেছে। ১ জানুয়ারি থেকে কার্যকর করার চেষ্টা করছি। বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন ইস্যু করবে। সে প্রজ্ঞাপনে সব কিছু থাকবে। আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকেও কাজ করতে হবে।
তিনি বলেন, ১ জানুয়ারি থেকেই ম্যানুফ্যাকচারিং বা শিল্প খাতে সিঙ্গেল ডিজিট কার্যকর হবে। এর মধ্যেই বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারি করবে। তিনি বলেন, ভালো ঋণগ্রহীতাদের বিপদ থেকে উদ্ধার
করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। যারা টাকা নিয়ে পরিশোধ করছে না, এ উদ্যোগ তাদের জন্য নয়। খেলাপি ও ভালো গ্রাহকদের জন্য সুদহার অভিন্ন হবে জানিয়ে তিনি বলেন, ২ শতাংশ দিয়ে যারা পুনঃতফসিল করবেন তাদের জন্য একরকম আর ভালোদের জন্য অন্যরকম প্রক্রিয়া থাকবে। যারা ঋণখেলাপি তাদের বলা হতে পারে, তোমরা অর্ধেক টাকা দিয়ে স্বাভাবিক হও।
