বাস চালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ কুবি শিক্ষার্থীর

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ০৯:১৮ এএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক ছাত্রীকে নিজ বিশ্ববিদ্যালয়ের বাসে যৌন হয়রানির অভিযোগ উঠেছে বাস চালকের বিরুদ্ধে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন থেকে ভাড়া করা ৯নং বাসে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই ছাত্রী অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে অধ্যয়নরত। অভিযুক্ত বাস চালকের নাম খোকা। বুধবার রাতে এ ঘটনা উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী ওই ছাত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলোতে পোস্ট করেন।

ভুক্তভোগী ওই ছাত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলোতে অভিযোগ করে বলেন, ‘অসুস্থতার কারণে সকাল ১১টার সময়ে অপেক্ষমাণ ৯ নম্বর বিআরটিসি বাসে উঠে বসে থাকি। এ সময় একজন মামার কাছে এই বাস যাবে ১২টায় যাবে কিনা জানতে চাইলে তিনি বলেন যাবে।

বাসে উঠে বসার পরে ঘুম চলে আসছিল। ঘুম ভাঙার পর দেখি ১১টা২০ বাজে,বাস বেলতলীতে আর বাসে আমি, বাসের চালক আর একজন হেলপার। মামা কে জিজ্ঞাসা করলাম মামা বাস কোথায় যাচ্ছে? মামা বলল ‘বেলতলিতে একটা বাস নষ্ট হয়ে আছে সেখানে যাচ্ছি। আবার ক্যাম্পাসে ফিরে যাব, ১২টায় শহরে যাব।’ তারপর বাস ওই নষ্ট বাস এর কাছে গিয়ে হয়তো বাস কে গ্যাস দিয়েছে। তারপর বলল এই বাস গ্যাস নিয়ে শহরে যাবে।

বিশ্বরোডের কাছাকাছি একটা গ্যাস ফিলিং স্টেশন আছে ওখানে গিয়ে মামা বলছিল ‘মামা এখানে দেরি হবে,আমরা ক্যাম্পাসে গিয়ে ২টায় শহরে যাব।’ আমাকে বলল ‘আপনি বসেন আমরা ১টায় ক্যাম্পাসে যাব’। এরপর তিনি বলল  ‘আপনাদের তো কাল থেকে ক্যাম্পাস বন্ধ। অনেক ডিপার্টমেন্ট কক্সবাজার ট্যুরে যাবে। আপনি যাবেন?’ আমি বললাম ‘ না যাব না’। উনি বললেন,‘ আমি যাব যাওয়া আসা ফ্রি, থাকা খাওয়া শুধু নিজের। ২-৩দিন থাকব। আপনি গেলে তো আপনার সাথে দেখা হবে।’

ওই শিক্ষার্থী আরও অভিযোগ করেন, এরপর হঠাৎ মামা বলল, ‘আপনার নম্বরটা দিবেন? আমি কক্সবাজার যাওয়ার আগে আপনাকে কল দিব। আপনি যাবেন কিনা এটা জানতে’ আমি বললাম ‘আমি তো বললাম আমি যাব না আপনি আমার নাম্বার চাচ্ছেন কেন?’ তখন তিনি বললেন ‘আচ্ছা নাম্বার না দিলে না দিবেন। জোর করব না। তারপর উনি দাঁড়িয়ে হেলপারকে ডাক দিয়ে বলতেছে, ‘দেখ পেট খালি পেটে কিছু নাই। এটা বলেই উনি উনার টিশার্ট বুকের উপর পর্যন্ত উঠিয়ে ফেলছে।’ তারপর আমাকে বলে ‘দেখেন ওরা আমার পেটকে হিংসা করে।’

ওই শিক্ষার্থী আরও লিখেন, এরপর আমি বাস থেকে নেমে যাই। উনি আমার পেছন পেছন আসতে আসতে বলতেছে, ‘আপনি নাম্বারটা দিলেন না। আপনাকে কক্সবাজার যাওয়ার আগে কল দিতাম। আর আমার তো ইচ্ছা করতেছে আমি একাই আপনাকে শহরে নিয়ে যাই।’

ভুক্তভোগী ওই শিক্ষার্থী বলেন, ‘এই ধরনের ঘটনার শিকার যাতে আর কাউকেই হতে না হয় তার জন্য অতিসত্বর এই ড্রাইভারের বহিষ্কার চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের মাধ্যমে পরবর্তীতে কেউ যাতে এমন কিছু করার কথা চিন্তাও না করতে পারে তার দাবি জানাচ্ছি। এই ড্রাইভারের যাতে ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয় এবং সে যেন অন্য কোথাও চাকরি না পায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানাই।

 

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বিআরটিসির বাস চালক খোকা কক্সবাজার যাওয়ার প্রস্তাবের বিষয়ে বলেন, ‘আমাদের বিআরটিসি বাস যায়, কখনও যদি (উনি) যায়, আমরা ড্রাইভার হিসেবে যাই এরুকুম বলছি। আমি কক্সবাজারের বিষয়ে কোনো কথা বলিনি।

শার্ট বুকের উপরে উঠিয়ে ফেলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি অন্য একজনের সাথে দুষ্টুমি করছি।’

সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. মোকাদ্দেসুল-উল ইসলাম বলেন, এ বিষয়ে প্রক্টর অফিসে অভিযোগ করেছে কিনা আমি জানি না। তবে এমনটি ঘটলে তা অবশ্যই বড় ঘটনা। কাল আমরা এসে নিশ্চয়ই একটা ব্যবস্থা নিব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত