সমালোচকদের এক হাত নিলেন ইরফান পাঠান

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ১১:৩৫ এএম

ভারতের নাগরিকত্ব আইনের বিরোধিতা করা দিল্লির জামিয়া ইসলামিয়ার শিক্ষার্থীদের মিছিলে পুলিশের হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে টুইট করে সমালোচনায় পড়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান। পাল্টা জবাবে সাবেক এই পেসার জানিয়েছেন, ব্যাপারটিকে তিনি নিজ দেশে মত প্রকাশের স্বাধীনতা হিসেবেই দেখছেন।

জামিয়া ইসলামিয়ার শিক্ষার্থীদের সমর্থনে ইরফান টুইটে লিখেছিলেন, “রাজনৈতিক দোষ চাপানোর খেলা চিরকাল চলবে। কিন্তু আমি ও আমার দেশ জামিয়া মিলিয়ার পড়ুয়াদের নিয়ে উদ্বিগ্ন।”

এমন টুইটে যারা নাখোশ হয়েছেন তাদের উদ্দেশে ইরফান এবার বলেছেন, নাগরিক হিসেবে তার মনের কথা বলার সমস্ত অধিকার রয়েছে।

একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাত্কারে তিনি বলেন, “একটা ব্যক্তিগত ঘটনার কথা বলি। ২০০৪ সালে রাহুল দ্রাবিড়, এল বালাজি ও পার্থিব প্যাটেলদের সঙ্গে লাহোরে পাকিস্তানের সঙ্গে ফ্রেন্ডশিপ ম্যাচ খেলতে গিয়েছিলাম। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্নোত্তরপর্বে একটি মেয়ে আমায় জিজ্ঞেস করেছিল, মুসলমান হয়েও কেন আমি ভারতের জন্য খেলি। আমি বলেছিলাম,…এটা আমার দেশ। আমি এই দেশের প্রতিনিধিত্বই করব।”

প্রসঙ্গ টেনে ইরফানের দাবি, “পাকিস্তানে একটি পাবলিক ফোরামে যদি এ ধরনের মন্তব্য করতে পারি তবে এই দেশে কেন পারা যাবে না। সমাজের কোনো বিষয় নিয়ে নিজের মন্তব্য তুলে ধরা কখনোই অপরাধ হতে পারে না। আমি কি দেশের জন্য কিছুই করিনি?”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত