ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) টি-টোয়েন্টির ত্রয়োদশ আসরের খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হচ্ছে কলকাতায়। এবারের নিলামের খেলোয়াড়দের তালিকায় থাকছে বাংলাদেশের পাঁচ ক্রিকেটার।
তারা হলেন- উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম, অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াল, সাব্বির রহমান, পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও পেসার মোস্তাফিজুর রহমান।
নিলামে নাম তুলতে আগ্রহী খেলোয়াড়দের প্রাথমিক তালিকা গেল ২ ডিসেম্বর প্রকাশ করা হয়েছিল। যাচাই-বাছাই শেষে গেল বুধবার ৩৩২ ক্রিকেটারের নাম চূড়ান্ত করা হয়।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মোস্তাফিজের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ কোটি রুপি। মুশফিক ও মাহমুদউল্লাহর ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি। সাইফউদ্দিন ও সাব্বিরের ভিত্তিমূল্য রাখা হয়েছে ৫০ লাখ রুপি।
আইপিএলের নিলামের প্রাথমিক তালিকায় ছিলেন বাংলাদেশের ছয় খেলোয়াড়। তারা হলেন- মোস্তাফিজ, মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকার। তবে চূড়ান্ত তালিকায় জায়গা পাননি তামিম, মিরাজ, সৌম্য ও তাসকিন।
আগামী বছরের এপ্রিলে মাঠে গড়াবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা আইপিএলের ১৩তম আসর।
