এ ক ঝ ল কে

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ১১:৫৪ পিএম

‘রক্তজবা’ মম

সাংবাদিক ও লেখক নাজমুল হক তপনের মুক্তিযুদ্ধের গল্প ‘রক্তজবা’ অবলম্বনে তৈরি হচ্ছে খ- নাটক ‘রক্তজবা’। সাইফুল ইসলামের পরিচালনায় এ নাটকের শ্যুটিংয়ে এখন মানিকগঞ্জের সিঙ্গাইরের জয়ম-পের রায় দক্ষিণ গ্রামে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম এবং আবু হুরায়রা তানভীর। আগামীকাল নাটকটির শ্যুটিং শেষ হবে। মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী এবং রাজাকারদের ধর্ষণের শিকার একটি শিশুকে কেন্দ্র করেই ‘রক্তজবা’র করুণ কাহিনী। নাটকটি আসছে ৩০ ডিসেম্বর একটি বেসরকারি টিভিতে প্রচার হবে।

নন্দিনীতে জহিরন বেওয়া ও নূর

যারা পৃথিবীকে প্রতিনিয়ত সুন্দর করে তুলছেন, বইয়ের পাতায় তারা নেই, নেই উইকিপিডিয়ায়ও। তাদের ভিডিও ভাইরাল হয় না, নেই তাদের লাখ লাখ লাইক। তারা বাঁচেন প্রেরণা দিতে, আলো জ্বালাতে। প্রচারহীন সেই মানুষের গল্প নিয়ে নাগরিক টিভির আয়োজন ‘#নন্দিনী’। এবারের অতিথি লালমনিরহাটের ৯৫ বছর বয়সী জহিরন বেওয়া। যে বয়সে সাধারণত অন্যের ওপর নির্ভরশীল হতে হয়, সেই বয়সে তিনি সাইকেল চালিয়ে ঘুরে ঘুরে নিজ এলাকার মানুষকে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। প্রায় ৪৫ বছর ধরে এভাবে মানুষের পাশে দাঁড়িয়ে হয়ে উঠেছেন এলাকার প্রিয় নানি। অনুষ্ঠানে তার সঙ্গে বিশেষ অতিথি হিসেবে থাকছেন জনপ্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাকের ভাইখ্যাত অভিনেতা ও সাংসদ আসাদুজ্জামান নূর। ড. রুবানা হকের পরিকল্পনায় অনুষ্ঠানটির গ্রন্থনা ও রচনা করেছেন তানভীর জনি। নাবিলা মারজুকের প্রযোজনায় এটি উপস্থাপনা করেছেন আজরা মাহমুদ। আজ রাত ৯টায় নাগরিক টিভিতে প্রচার হবে ‘#নন্দিনী’। পুনঃপ্রচার হবে রবিবার ভোর ৩টা, সাড়ে ৫টা ও সকাল সাড়ে ৯টায়।

শর্টফিল্ম বানাবেন সেলিম

নন্দিত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম নির্মাণ করতে যাচ্ছেন স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘থ্রি কিসেস’। এরই মধ্যে চিত্রনাট্যের কাজ সম্পন্ন করেছেন। তারিখ চূড়ান্ত না হলেও চলতি মাসের শেষের দিকে এর শ্যুটিং শুরু হওয়ার কথা রয়েছে। স্বল্পদৈর্ঘ্য এই সিনেমায় অভিনয় করবেন স্বাগতা, মনির খান শিমুল, আহমেদ হাসান সানি ও মিম রশিদ। ওয়েব প্ল্যাটফর্ম হইচই প্রতি বছরের ভালোবাসা দিবস উপলক্ষে ‘পাঁচফোড়ন’ শিরোনামে পাঁচটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা সিরিজ নির্মাণ করে। পাঁচটির মধ্যে বাংলাদেশ থেকে দুজন এবং ভারত থেকে তিনজন নির্মাতা কাজ করেন। গেল বছর এই সিরিজের জন্য বাংলাদেশ থেকে দুটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করেন তৌকীর আহমেদ ও দীপঙ্কর দীপন। এ বছর দুটির মধ্যে একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন গিয়াস উদ্দিন সেলিম এবং অন্যটি করেছেন ‘ডুবসাঁতার’খ্যাত নূরুল আলম আতিক। এদিকে ‘মনপুরা’ ও ‘স্বপ্নজাল’-এর পর নিজের তৃতীয় সিনেমা ‘পাপ-পুণ্য’র পোস্ট প্রোডাকশন নিয়ে ব্যস্ত গিয়াস উদ্দিন সেলিম। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ ও শাহনাজ সুমী প্রমুখ। নতুন বছরের ফেব্রুয়ারিতে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 

মৃত্যুর পরও মেয়ের মুখ দেখেননি মৌসুমী

ভারতের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের মেয়ে পায়েল ডিকি সিনহা মারা যান গত বৃহস্পতিবার রাতে। সেই শোকের রেশ কাটতে না কাটতেই তার বিরুদ্ধে অভিযোগ তুললেন তারই জামাতা ডিকি সিং। ‘স্পটবয়’ ম্যাগাজিনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ডিকি জানান, মৃত্যুর পর পায়েলের মুখও দেখেননি মৌসুমী। পায়েলের শেষকৃত্য অথবা শ্রাদ্ধানুষ্ঠানেও দেখা যায়নি তাকে।

জটিলতার শুরু আসলে বেশ কিছুদিন আগে। ডায়াবেটিসের কারণে গুরুতর অসুস্থ হলে ২০১৭ সাল থেকে হাসপাতালে রাখা হয় পায়েলকে। পরে ২০১৮ সালে কোমায় চলে যান তিনি। তখন স্বামী তাকে বাড়িতে নিয়ে যান। তখন বাড়িতে নিয়ে গিয়ে মেয়েকে চরম অবহেলা আর অযতœ করা হয়েছে এই অভিযোগে জামাতার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন মৌসুমী চট্টোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন স্বামী জয়ন্তও। আদালত থেকে বারবারই পরিবারের মধ্যে দূরত্ব মিটিয়ে নেওয়ার জন্য বলা হলেও বাস্তবে ঘটে তার বিপরীত।

ডিকি বলেন, ‘ওদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। আমি ইতিমধ্যেই মামলা জিতে গিয়েছি। পায়েল, আমার স্ত্রী জীবনের শেষ দিন পর্যন্ত আমার পাশে ছিলেন।’ পায়েলের শেষকৃত্যে উপস্থিত হয়েছিলেন তার বাবা এবং ছোট বোন। মৌসুমী কেন আসেননি, সে ব্যাপারে ডিকির কোনো ধারণা নেই বলেই জানান তিনি।

জমে উঠেছে বরুণ-শ্রদ্ধার লড়াই!

নতুন বছরের শুরুতেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান ও অভিনেত্রী শ্রদ্ধা কাপুর জুটির সিনেমা ‘স্ট্রিট ড্যান্সার’। রেমো ডি’সুজা পরিচালিত সিনেমাটির ট্রেইলার প্রকাশ পেয়েছে। যেখানে মুখোমুখি অবস্থানে দেখা গেছে বরুণ ও শ্রদ্ধাকে। দু’জনই একে অন্যের সঙ্গে নাচের লড়াইয়ে মেতে উঠেছেন। তাছাড়া ট্রেইলারে নব্বই দশকের জনপ্রিয় গান ‘মোকাবিলা মোকাবিলা’ সঙ্গে নাচতে দেখা গেছে প্রভু দেবাকে। ট্রেলারের শুরুতে বরুণের কণ্ঠে শোনা যায়, ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রিকেটের প্রতিযোগিতা হোক অথবা নাচের। দু’টাই মজার। বরুণ-শ্রদ্ধা ছাড়াও সিনেমাটির কেন্দ্রীয় একটি চরিত্রে দেখা যাবে নোরা ফতেহিকে। সিনেমাটির গল্পে একটি নাচের প্রতিযোগিতায় বরুণ ও শ্রদ্ধাকে পরস্পরবিরোধী প্রতিযোগী দলের সদস্য হিসেবে দেখা যাবে।

‘এবিসিডি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘স্ট্রিট ড্যান্সার’। এতে আরও অভিনয় করেছেন নৃত্য পরিচালক ধর্মেশ ইয়েলান্ডে, পুণিত পাঠাক, রাঘব জুয়ালকেও। ২৪ জানুয়ারি সিনেমাটি প্রেক্ষাগ্রহে মুক্তি পাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত