অবিশ্বাস্য লাফে দুর্ধর্ষ গোল রোনালদোর

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ১২:১৯ এএম

ইতালিয়ান লিগে বুধবার রাতে সাম্পদোরিয়ার মাঠে ১-২ গোলের জয় পেয়েছে জুভেন্তাস। দারুণ এক হেডে জুভেন্তাসের হয়ে জয়সূচক গোলটি করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই জয়ে আবারও শীর্ষে ফিরেছে মউরিসিও সারির দল। আর অভিজ্ঞ গোলরক্ষক জিয়ানলুইজি বুফন জুভেন্তাসের হয়ে সবচেয়ে বেশি লিগ ম্যাচ খেলার রেকর্ড গড়েন।

ম্যাচের ১৯ মিনিটে পাওলো দিবালার গোলে এগিয়ে যায় জুভেন্তাস। ৩৫ মিনিটে সেই গোল শোধ দেয় স্বাগতিক সাম্পদোরিয়া। তবে ম্যাচের সব আলো কেড়ে নেন সিআর সেভেন। ম্যাচের ৪৫ মিনিটে যে হেডে তিনি গোলটি করেন তা ছিল অসাধারণ। মাঠের বাঁ প্রান্ত থেকে অ্যালেক্স সান্দ্রোর উড়ে আসা ক্রসটা একটু উঁচুতেই ছিল। বলে মাথা লাগানোর জন্য রোনালদো ডি-বক্সের মধ্যে একটা লাফ দিলেন। লাফের উচ্চতা ছিল ২.৬ মিটার। রোনালদো যখন লাফিয়ে ওঠেন তখন তাকে মার্কিংয়ে রাখা সাম্পদোরিয়ার ডিফেন্ডারকে মনে হয়েছিল লিলিপুট। লাফটা দেখে মনে হতে পারে মাধ্যাকর্ষণ শক্তিকে বুড়ো আঙুল দেখালেন রোনালদো। প্রতিপক্ষ দলের কোচও পরাজয় ভুলে রোনালদো-বন্দনায় মাতেন। ক্লদিও রানিয়েরি বলেন, ‘আমার তো মনে হলো রোনালদো দেড় ঘণ্টার মতো বাতাসে ভেসেছিল! এসব কীর্তিকলাপ সাধারণত আমেরিকার বাস্কেটবল ম্যাচগুলোতে দেখা যায়। এই গোল নিয়ে আর কিছুই বলার নেই। এমন গোল দেখলে অন্য কিছু না ভেবে বা করে শুধুই অভিনন্দন জানাতে হয়।’ জুভেন্তাস কোচ সারি বলেন, ‘এটা কী দেখলাম!’ নিজের গোল নিয়ে মন্তব্য করেছেন রোনালদোও। তিনি বলেন, ‘এটা দারুণ একটি গোল ছিল। দলের আরও তিন পয়েন্ট পেতে অবদান রাখতে পেরে আমি আনন্দিত। এক মাস ধরে আমার হাঁটুতে সমস্যা ছিল। আমি এখন ভালো বোধ করছি। শারীরিকভাবে আমি এখন ভালো আছি।’

এদিকে এই ম্যাচের মধ্য দিয়ে ইতালিয়ান লিগে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলারের রেকর্ডে ভাগ বসিয়েছেন বুফন। সিরি আ’তে পাওলো মালদিনির সমান ৬৪৭টি ম্যাচ এখন ৪১ বছর বয়সী গোলরক্ষকের। খুব তাড়াতাড়ি রেকর্ডটা পুরোপুরি নিজেরও করে নেবেন এই কিংবদন্তি। আর জুভেন্তাসের হয়ে এটি ছিল বুফনের ৪৭৯তম ম্যাচ, যা আলেসান্দ্রো দেল পিয়েরোর চেয়ে এক ম্যাচ বেশি। ১৭ ম্যাচে জুভেন্তাসের পয়েন্ট ৪২। এক ম্যাচ কম খেলা ইন্তার মিলান ৩৯ পয়েন্টে আছে দ্বিতীয়তে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত