রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ক্ষমতাসীন আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে আমন্ত্রণ পেলেও যোগ দেওয়ার সিদ্ধান্ত হয়নি বিএনপির। গতকাল বৃহস্পতিবার রাতে দেশ রূপান্তরকে এ কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান দেশ রূপান্তরকে জানান, আওয়ামী লীগের সম্মেলনে বিএনপির চার নেতার নামে দাওয়াত কার্ড দেওয়া হয়েছে। আমন্ত্রিত নেতারা হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ ও মির্জা আব্বাস।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য দেশ রূপান্তরকে বলেন, আমন্ত্রণপত্র পেলেও আওয়ামী লীগের কাউন্সিলে যোগ দেওয়ার সম্ভাবনা নেই। কারণ একই সময়ে দলের পূর্বনির্ধারিত
কর্মসূচি রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন দেশ রূপান্তরকে বলেন, আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় আওয়ামী লীগের সম্মেলনে যাওয়ার সম্ভাবনা নেই। তাছাড়া আমি আমাদের কর্মসূচিতেও থাকতে পারছি না। কারণ ওই সময়ে আমি আমার নির্বাচনী এলাকায় থাকব। আমন্ত্রণ পাওয়া বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বর্তমানে দেশের বাইরে রয়েছেন।
গতকাল বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে দলটির চার নেতার নামে দাওয়াত কার্ড পৌঁছে দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য জিয়াউদ্দিন আহমেদ শিপু। দাওয়াতপত্রগুলো গ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক রিয়াজউদ্দিন নসু। এ সময় বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সম্মেলনে সরকারবিরোধী রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্টের শরিক গণফোরাম এবং নাগরিক ঐক্যের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। সম্মেলনে যাচ্ছেন কি না জানতে চাইলে গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, ‘আমাদের সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া দেশের বাইরে রয়েছেন। সভাপতি কামাল হোসেন রাতে দেশে ফিরবেন। সভাপতি দেশে আসার পর আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে গণফোরাম।’ ফ্রন্টের অন্য শরিক নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না দেশ রূপান্তরকে জানান, আমন্ত্রণ পেলেও তারা আওয়ামী লীগের কাউন্সিলে যাবেন না।
