আটজনকে ট্রাকচাপা

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ০৩:০০ এএম

 

রূপান্তর ডেস্ক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস ও ট্রাকের সংঘর্ষে ট্রাকচালক ও সহকারী নিহত হয়েছেন। এ ছাড়া, মাদারীপুরের রাজৈরে ট্রাক্টরের চাপায় স্কুলছাত্র, চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী গৃহবধূ, নেত্রকোনার পূর্বধলায় ট্রাকচাপায় অটোরিকশার তরুণ যাত্রী, মাগুরার মহম্মদপুরে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে তরুণ মোটরসাইকেল চালক, ফেনীর সোনাগাজীতে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে তরুণ ব্যবসায়ী, রংপুরের পীরগঞ্জে মোটরসাইকেল আরোহী তরুণ এবং রাজধানীর আসাদগেটে বাসের ধাক্কায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবরÑ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা ও সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের হরিণচড়া এলাকায় হাটিকুমরুল-বনপাড়া সড়কে গতকাল               

বৃহস্পতিবার ভোর ৬টার দিকে কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক ও হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। নিহতরা হলেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ঢাকুর গ্রামের ট্রাকচালক রাজু আহমেদ (২৮) ও একই উপজেলার কুন্দারহাট গ্রামের খোকন আলীর ছেলে হেলপার হামজালা রনি (২২)।

মাদারীপুরের রাজৈরে ট্রাক্টরের চাপায় তৃতীয় শ্রেণিতে পড়–য়া রাতুল কাজী (৭) নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কাঠেরপোল-আড়াইপাড়া সড়কের মাদারীপুর সদর ও রাজৈর উপজেলার সীমান্তবর্তী দিঘলপাড়া কুনিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত রাতুল কাজী রাজৈর উপজেলার লুন্দি গ্রামের ফেরদাউস কাজীর ছেলে এবং লুন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গতকাল বৃহস্পতিবার ট্রাকচাপায় জেসমিন আক্তার শিউলী (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শিউলী বেগম নাচোল উপজেলার চক-নেজামপুর গ্রামের সেনাসদস্য মজিবুর রহমানের স্ত্রী। স্বামীর মোটরসাইকেলে চড়ে বাড়ি যাওয়ার পথে দুপুরে নেজামপুর-হাটবাঁকইল সড়কের বাঁশবাড়িয়া এলাকায় হঠাৎ ব্রেক কষলে শিউলী মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের নিচে পড়েন।

নেত্রকোনার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পূর্বধলার জারিয়া বালুর ঘাটে গত বুধবার রাত ৮টার দিকে ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী আলমগীর হোসেন (২৫) নিহত ও চার যাত্রী আহত হয়েছেন। নিহত আলমগীর হোসেন দুর্গাপুর উপজেলার মাসকান্দা গ্রামের মৃত সমেদ আলী ছেলে।

মাগুরার মহম্মদপুরের এলাংখালীতে ট্রলি-মোটরসাইকেলের সংঘর্ষে ইয়াসিন মোল্যা (২১) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত তার বোন রাশিদা বেগমকে (২৩) আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গত বুধবার রাতে সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ইয়াসিন ও রাশিদা উপজেলার মৌশা এলাকার মুজিবুর মোল্যা ছেলে ও মেয়ে।

ফেনী-সোনাগাজী সড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আনোয়ার হোসেন রুবেল (৩০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে সড়কের সাতবাড়িয়া ব্রাক অফিস সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল সোনাগাজীর মহেশ্চর গ্রামের আব্বাস আলী মিঝি বাড়ির হারুনুর রশিদের ছেলে।

রংপুরের পীরগঞ্জে মায়ের কাফনের কাপড় কিনতে এসে মহেন্দ্রের চাপায় নিহত হয়েছেন রেজাউল হোসেন ভুট্টু (৪২)। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় লালদীঘি বটতলায় এ দুর্ঘটনা ঘটে। এক আত্মীয়কে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে স্বজনদের বাড়িতে মায়ের মৃত্যুর সংবাদ দিয়ে স্থানীয় বালুয়াহাট থেকে কাফনের কাপড় কিনতে যাওয়ার পথে ইট বহনকারী মহেন্দ্রর চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান। একই দিন মা-ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত ভুট্টু পীরগঞ্জ ইউনিয়নের কিশোরগাড়ী গ্রামের মজিবর রহমানের ছেলে।

মুন্সীগঞ্জ সদরের প্রাইমারি স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফ উদ্দিন দেওয়ান (৬৭) গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর আসাদগেটের কেয়ার হাসপাতালের সামনের রাস্তা পার হওয়ার সময় প্রজাপতি পরিবহনের একটি বাসের চাপায় নিহত হয়েছেন। অবসরের পর তিনি রাজধানীতে একটি ডেভেলপার কোম্পানিতে চাকরি করতেন। নিহতের ভাগ্নে সোহেল রানা জানান, আশরাফ উদ্দিনের বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার খালপাড় গ্রামে। তিনি রাজধানীর কল্যাণপুরে পরিবারসহ থাকতেন।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাতিবিলা এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের পাতিবিলা ইটভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত