দিনাজপুরে বিজয় দিবসের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে এক স্কুলছাত্রী দল বেঁধে ধর্ষণের শিকার হয়েছে। পরে তাকে মৃত ভেবে পুকুরে ফেলে দেয় অভিযুক্ত ধর্ষণকারীরা। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মঙ্গলার বাজার এলাকায় ঘটনাটি ঘটে।
যশোরের শার্শায় এক তরুণের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত বুধবার রাতে শার্শা থানায় একটি মামলা করে ভুক্তভোগী ওই কলেজছাত্রী।
সাভারে এক গৃহবধূকে দল বেঁধে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। গত বুধবার দক্ষিণ রাজাশন মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
দিনাজপুরে ধর্ষণের ঘটনায় বুধবার রাতেই কোতোয়ালি থানায় একটি মামলা করেন ওই স্কুলছাত্রীর মা। মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৬ ডিসেম্বর সোমবার স্থানীয় সুন্দরা আদর্শ স্কুলের বিজয় দিবসের
সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ শেষে বাড়ি ফিরছিল ওই স্কুলছাত্রী। রাত সাড়ে ৯টার দিকে মঙ্গলার বাজার এলাকায় পৌঁছামাত্র তিনজন তার হাত-পা বেঁধে তাকে পালাক্রমে ধর্ষণ করে। একপর্যায়ে ওই স্কুলছাত্রী জ্ঞান হারিয়ে ফেলে। ধর্ষণকারীরা তাকে মৃত ভেবে রক্তাক্ত অবস্থায় পুকুরে ফেলে পালিয়ে যায়। পরে জ্ঞান ফিরলে কোনোরকমে বাড়িতে ফিরে আসে সে। পরের দিন ১৭ ডিসেম্বর ওই স্কুলছাত্রীকে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগীর উদ্ধৃতি দিয়ে তার পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় বৈদ্যুতিক বাতির আলোতে ধর্ষণকারী ওই তিনজনের মধ্যে মো. মোকছেদুল ইসলাম (৩১) নামে একজনকে চিনতে পারে ওই স্কুলছাত্রী। বাকি দুইজনকে চিনতে না পারলেও তাদের সবার বয়স আনুমানিক ৩০ বছরের বেশি হবে বলে জানিয়েছে সে।
কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মো. বজলুর রশিদ দেশ রূপান্তরকে জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তারা যেখানেই থাকুক, তাদের আইনের আওতায় আনা হবে।
যশোরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ : যশোরের শার্শায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনায় মোনায়েম হোসেন মুন্না (১৯) নামে এক তরুণের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, গত এক মাস ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই কলেজছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে আসছিল মুন্না নামের তরুণ। ওই সময় ওই ছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল সে। একপর্যায়ে মুন্নাকে বিয়ের জন্য চাপ দেওয়া হলে বিয়ে করতে অস্বীকৃতি জানায় সে। পরে উপায়ান্তর না পেয়ে মুন্নার বিরুদ্ধে নিজেই বাদী হয়ে মামলাটি করে ওই কলেজছাত্রী।
শার্শা থানার ওসি (তদন্ত) আতাউর রহমান দেশ রূপান্তরকে জানান, ঘটনাটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
সাভারে গৃহবধূকে দল বেঁধে ধর্ষণ : সাভারে এক গৃহবধূকে দল বেঁধে ধর্ষণের অভিযোগে শিমুল (১৮) ও জুয়েল (১৯) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। এর আগে গত বুধবার দক্ষিণ রাজাশন মোল্লাপাড়া এলাকায় ধর্ষণের শিকার হন ওই গৃহবধূ। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সাভার মডেল থানায় একটি মামলা করেন ভুক্তভোগী নারীর স্বামী। পরে আটক দুজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
সাভার মডেল থানার ওসি (তদন্ত) জাকারিয়া হোসেন দেশ রূপান্তরকে জানান, আটকদের ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
